Abhishek Banerjee
Abhishek Banerjee

সমাজমাধ্যমে পোস্ট ঘিরে মামলা, ভবানীপুর থানায় সময়ের আগেই হাজির অভিষেক

গত ২ মে সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। ওই পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, অভিষেক তাঁর পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর মতে, এই ধরনের মন্তব্যের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হয়েছে। এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগের ভিত্তিতে ২৭ মে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে বিদ্বেষ ছড়ানো, হিংসায় উস্কানি, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগ রয়েছে।

অভিযোগকারীর বক্তব্য, একজন সাংসদ হিসেবে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকার পরেও অভিষেকের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। তাঁর দাবি, কোনও একটি সম্প্রদায়ের মানুষকে ‘গ্যাং’ বা অপরাধী চক্রের সঙ্গে তুলনা করা শুধু সেই সম্প্রদায়ের অপমান নয়, দেশের বহুত্ববাদী সংস্কৃতির পক্ষেও ক্ষতিকর। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী এমন বক্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন। এই অভিযোগের ভিত্তিতেই এবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ভবানীপুর থানার পুলিশ।

উল্লেখ্য, শুক্রবারও অন্য একটি মামলায় তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে যায় পুলিশ। গিরিশ পার্ক থানাতেও তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।