Abhishek Banerjee
Abhishek Banerjee

থানায় সাড়ে চার ঘণ্টা জেরা! বেরিয়ে প্রশ্নের মুখে পড়ে অস্বস্তি এড়ালেন অভিষেক

থানা থেকে বেরিয়ে কালীঘাটে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেন, “আমাকে যখনই ডেকেছে, গিয়েছি। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তকারী সংস্থা যা প্রশ্ন করেছে, সব উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে সব সময় হাজির হয়েছি। মিথ্যা মামলায় ডাকা হচ্ছে। গুজরাটি গ্যাং কেন বলেছি, তার ব্যাখ্যাও দিয়েছি।” এরপরই বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। অভিষেকের অভিযোগ, বিজেপি বাংলা ভাষা ও বাঙালির পরিচয়কে অসম্মান করছে। তাঁর কথায়, “বিজেপি মনে করে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন অমিত মালব্য।” তবে নিজের সমাজমাধ্যমের পোস্ট প্রসঙ্গে করা প্রশ্নের কোনও জবাব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান এবং তাঁর বাড়ির সামনের শহিদ বেদি ভাঙার অভিযোগ তুলেও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “গরিব মানুষের উপর কেন? বুলডোজার চালানোর হলে আমার বাড়ির উপর চালিয়ে দিন।” এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র।

উল্লেখ্য, গত ২ মে সমাজমাধ্যমের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেছিলেন তিনি। অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত নয়। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই নির্দেশ মেনেই দুপুর ১২টা ২৩ মিনিটে থানায় পৌঁছন অভিষেক। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে ফের রাজনৈতিক সংঘাতের সুর চড়ালেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।