Bengal Liberty : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেল বোকা জুনিয়র্স। কোপা সুদামেরিকানার ফাইনালে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরোকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনার এই ঐতিহ্যবাহী ক্লাব। তবে মাঠের এই ঐতিহাসিক জয়ের আনন্দের মাঝেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ম্যাচের পর সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস।
কলম্বিয়ার ব্যারানকিয়ায় আয়োজিত ফাইনাল ম্যাচের পর DSports-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন বোকা জুনিয়র্সের অধিনায়ক পারেদেস। সেই সময় কথা বলতে বলতেই আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। উপস্থিত সাংবাদিক, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকরা দ্রুত তাঁর কাছে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য জ্ঞান ফিরে পান ৩২ বছর বয়সি এই ফুটবলার।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলম্বিয়ার প্রবল গরম ও আর্দ্রতার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন পারেদেস। ম্যাচ চলাকালীনও ক্লান্তি ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এমনকি, পরিস্থিতি সামাল দিতে ম্যাচের ৫৮ মিনিটেই তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনাও জানিয়েছেন, প্রথমার্ধের শেষদিকে মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার কথা জানিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।
আরও খবর
তবে এই ঘটনার পর স্বস্তির খবরও সামনে এসেছে। চিকিৎসার পর নিজেই হেঁটে ড্রেসিংরুমে ফিরে যান পারেদেস। পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। পাশাপাশি, সমাজমাধ্যমে বার্তা দিয়ে সমর্থকদের আশ্বস্ত করেন তিনি। ফলে আপাতত বিপদমুক্ত রয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ফুটবলার। উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন পারেদেস। অন্যদিকে, অ্যাটলেটিকো মিনেইরোর বিরুদ্ধে ২-০ গোলের জয়ের সুবাদে কোপা সুদামেরিকানার শিরোপা জিতে ঐতিহাসিক রাত কাটাল বোকা জুনিয়র্স।


