Bengal Liberty : স্বাধীন ভারতের ইতিহাসে ২৬ নভেম্বর এক ঐতিহাসিক দিন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের সমস্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংবিধান দিবস পালন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। স্কুল থেকে কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করতে হবে। শুধু পড়ুয়ারাই নন, এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিও বাধ্যতামূলক বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ওই দিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করতে হবে। স্কুলের প্রার্থনাসভায় পড়ুয়াদের দিয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করাতে হবে। পাশাপাশি সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত গণপরিষদের সদস্যদের অবদান সম্পর্কেও আলোচনা করতে হবে। শুধু আলোচনা বা প্রস্তাবনা পাঠই নয়, পড়ুয়াদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল কর্মসূচির আয়োজন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পোস্টার তৈরি, ছবি আঁকা, ব্যাজ তৈরি এবং কোলাজের মতো প্রতিযোগিতা ও কার্যকলাপ।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই প্রতিবছর ২৬ নভেম্বর দেশজুড়ে সংবিধান দিবস পালন করা হয়। সংবিধানের মূল্যবোধ, নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু-সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান সম্পর্কেও পড়ুয়াদের জানাতে বলা হয়েছে।
আরও খবর
এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একজন করে নোডাল অফিসার নিয়োগের পরামর্শও দেওয়া হয়েছে। কতজন পড়ুয়া কর্মসূচিতে অংশ নিয়েছে, তার পরিসংখ্যানের পাশাপাশি জিওট্যাগযুক্ত ছবি ও ভিডিও নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ রয়েছে। ফলে সংবিধান দিবস উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু হচ্ছে।


