Bengal Liberty : আন্তর্জাতিক বিরতির পর আবারও চেনা উন্মাদনায় শুরু হয়েছে ক্লাব ফুটবল। বিরতির মধ্যেই শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরমহলে ঘটে গিয়েছে অনেক কিছু। যখন অন্য দলগুলি নিজেদের আরও ভালোভাবে গুছিয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই জল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ইস্তফা দিলেন মাইকেল ক্যারিক। ২০২৮ সাল পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি থাকলেও দলের বেহাল অবস্থা এবং অবনমনের আশঙ্কা এড়ানোর লক্ষ্যে দলের দায়িত্ব তুলে দেওয়া হল চেলসি, পিএসজি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন কোচ মৌরিসিও পচেত্তিনোর হাতে। প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলারের কোচিংয়ে এই বছরের বিশ্বকাপে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি, ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। চেনা পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন, তার উত্তর হয়তো পাওয়া যাবে আজকের ম্যাচেই।
প্রথম ম্যাচেই শক্তিশালী লিভারপুলের বিরুদ্ধে বড় পরীক্ষার মুখে নতুন কোচ পচেত্তিনো ও তাঁর দল। পঞ্চম স্থানে থাকা রেডসের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারে রেড ডেভিলসরা, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের। অতীতে দুই দলের মধ্যে একাধিক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আবার একেবারে একতরফা ম্যাচেরও সাক্ষী থেকেছে ফুটবল বিশ্ব। সাম্প্রতিক ফলাফল এবং চলতি মরসুমের পারফরম্যান্স—দুই ক্ষেত্রেই এগিয়ে আর্নে স্লটের দল। তাই অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন অধ্যায়ে ইতিবাচক ফলাফলের মধ্য দিয়েই ইউনাইটেডে পচেত্তিনো-যুগের সূচনা করতে মরিয়া ম্যানচেস্টার। এখন একটাই প্রশ্ন, মৌরিসিও পচেত্তিনোর হাত ধরে পুরোনো ব্যর্থতা ও পরাজয়ের স্মৃতি ভুলে আবারও কি এক নতুন ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখতে পাওয়া যাবে? নাকি দেখতে হবে হারের সেই একই দৃশ্য? উত্তরের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ফুটবলপাগল জনতা।


