'সুগার ড্যাডি খুঁজে পেয়েছে তাহলে’, বিজেপিতে যোগ দিতেই চাহালকে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর
'সুগার ড্যাডি খুঁজে পেয়েছে তাহলে’, বিজেপিতে যোগ দিতেই চাহালকে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

‘সুগার ড্যাডি খুঁজে পেয়েছে তাহলে’, বিজেপিতে যোগ দিতেই চাহালকে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

Bengal Liberty : ক্রিকেটের পাশাপাশি এবার সদ্য সক্রিয় রাজনীতিতেও পা রেখেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন চাহাল। কিন্তু নতুন রাজনৈতিক দায়িত্ব পাওয়া মাত্রই কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সোশাল মিডিয়ায় খোঁচা দিলেন, ‘এবার যেন নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে।’ যা আসলে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে নিয়ে পুরনো বিতর্ক উসকে দিচ্ছে। পরে অবশ্য এই পোস্টের ব্যাখ্যাও দেন প্রিয়াঙ্কা।


শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম। আর তার পরেই এক্স হ্যান্ডেলে খোঁচা দিলেন প্রিয়াঙ্কা। চাহালের নাম না করেই তিনি লেখেন, ‘মনে হচ্ছে তিনি নিজের জন্য সুগার ড্যাডি খুঁজে পেয়েছেন। যাঁরা জানেন, তাঁরা এর অর্থ ঠিকই বুঝবেন।’ প্রিয়াঙ্কা সরাসরি বিজেপির নাম উল্লেখ না করলেও, তাঁর মন্তব্য যে চাহালের নতুন রাজনৈতিক দায়িত্বকে ঘিরেই, তা নিয়ে কোনও সংশয় নেই। তবে ‘সুগার ড্যাডি’ কথাটি ব্যবহার করে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি।

সাধারণত ‘সুগার ড্যাডি’ বলতে এমন এক বয়স্ক ও আর্থিকভাবে স্বচ্ছল পুরুষকে বোঝানো হয়, যিনি কোনও কমবয়সি ব্যক্তিকে অর্থ বা উপহার দিয়ে সাহায্য করে থাকেন। আসলে চাহালের ব্যক্তিগত জীবন নিয়েও অতীতে সোশ্যাল মিডিয়ায় নেহাত কম আলোচনা হয়নি। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় ‘Be Your Own Sugar Daddy’ লেখা একটি টি-শার্ট পরে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবি ঘিরে তৈরি হয়েছিল নানা মিম ও জল্পনা। প্রিয়াঙ্কার সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো বিতর্কের প্রসঙ্গই আবার সামনে এসেছে। এমনটাই মনে করছে নেটিজেনদের একাংশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।