Bengal Liberty : চিন ও বাংলাদেশের মধ্যে কি সামরিক ক্ষেত্রে কোনও নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এবার চিন থেকে বাংলাদেশে যাওয়ার পথে বিপুল পরিমাণ মিসাইল তৈরির রাসায়নিক সরঞ্জাম আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। শুধু তাই নয়, ওই জাহাজ থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ অনিবন্ধিত সিম কার্ডও। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, চিনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল কোমোরোসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি স্টার লাইন’। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটিকে আটক করে সে দেশের নৌবাহিনী। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসে ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে।
জাহাজটির মোট ৩৬টি কন্টেনার পরীক্ষা করে চক্ষু চড়কগাছ হয়ে যায় নৌসেনাদের। তার মধ্যে ১৫টি কন্টেনারে মজুত ছিল প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এই রাসায়নিক রকেট ও মিসাইলের প্রপেল্যান্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি মিসাইল তৈরির উপযোগী উপাদান পাওয়া যেতে পারে। পাশাপাশি জাহাজ থেকে ৫৪টি প্যালেটে রাখা লক্ষ লক্ষ অনিবন্ধিত ফাঁকা 4G LTE সিম কার্ডও উদ্ধার হয়েছে।
আরও খবর
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এত বিপুল পরিমাণ মিসাইল তৈরির উপযোগী রাসায়নিক বাংলাদেশে কাদের জন্য পাঠানো হচ্ছিল? এখনও পর্যন্ত এই পণ্যগুলির প্রকৃত আমদানিকারক কিংবা চূড়ান্ত প্রাপকের পরিচয় প্রকাশ্যে আনেনি ইন্দোনেশিয়ার প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের নৌবাহিনী। জাহাজের কর্মীদের পাশাপাশি পণ্য পরিবহণের নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সোডিয়াম পারক্লোরেট শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বিভিন্ন শিল্পক্ষেত্রেও ব্যবহৃত হয়। ফলে এই রাসায়নিক উদ্ধার হওয়া মানেই যে সেটি মিসাইল তৈরির উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল, এমন কোনও চূড়ান্ত প্রমাণ এখনও সামনে আসেনি। তবে একই জাহাজে বিপুল পরিমাণ রাসায়নিকের পাশাপাশি লক্ষ লক্ষ অনিবন্ধিত সিম কার্ড উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।


