Bengal Liberty : গত ২০ নভেম্বর সব্যসাচী চক্রবর্তী ও সাহেব ভট্টাচার্য অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। প্রথমে ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বলিউডের বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রথম ভাগের মুক্তির কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। পাশাপাশি, দুটি চলচ্চিত্রের বিষয়বস্তুর কিছু জায়গায় মিল থাকায় ৫ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর মুক্তি পায় ‘সাধক বামাক্ষ্যাপা’।
মুক্তির দিন থেকেই একাধিক প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লক্ষ করা যায়। এর আগে ছোট পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার সেই একই চরিত্রে বামাক্ষ্যাপার জীবনীকে নতুন রূপে বড় পর্দায় তুলে ধরেছেন তিনি। প্রথম তিন দিনেই ৬৬ লক্ষ টাকার ব্যবসা করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। কিন্তু এর মধ্যেই ছবিটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিচালক সায়ন্তন ঘোষাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভালো ব্যবসা এবং দর্শকদের প্রশংসা কুড়োনোর পরেও আগামী সপ্তাহ থেকেই কার্যত জোর করে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’কে।
কিন্তু ঠিক কী কারণে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’কে? সূত্রের খবর, আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে বিখ্যাত পরিচালক সুরজ বরজাতিয়ার বহুপ্রতীক্ষিত ছবি ‘ইয়ে প্রেম মল লিয়া’। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’ এবং ‘বিবাহ’-এর মতো ব্লকবাস্টার পারিবারিক ও প্রেমের চলচ্চিত্রের পরিচালক দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে ফিরছেন। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা, শর্বরী বাগ-সহ একাধিক পরিচিত কলাকুশলী। ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। আর এখানেই সমস্যার সূত্রপাত বলে অভিযোগ।
আরও খবর
অভিযোগ, যশ রাজ ফিল্মসের শর্ত অনুযায়ী, যে মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিনে তাদের ছবি মুক্তি পাবে, সেখানে অন্য কোনও ছবি প্রদর্শন করা যাবে না। অতীতেও ‘পাঠান’ এবং ‘ওয়ার ২’-এর মতো ছবির মুক্তির সময় একই ধরনের শর্তের মুখে পড়তে হয়েছিল হল মালিকদের বলে অভিযোগ। এবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
দর্শকদের প্রশংসা এবং জনপ্রিয়তার নিরিখে ‘সাধক বামাক্ষ্যাপা’ ভালো সাড়া ফেললেও বাংলার প্রেক্ষাগৃহে বাংলা ছবিই কেন জায়গা পাবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেপ্রেমীদের একাংশ। তাঁদের প্রশ্ন, অন্য রাজ্যে যদি এমন নিয়ম কার্যকর না হয়, তা হলে বাংলার ক্ষেত্রেই বা কেন বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে? বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।
অতীতেও একাধিকবার বাংলা ছবির প্রদর্শন ঘিরে একই ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরেও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রেও কি একই পরিস্থিতির মুখে পড়তে হবে বাংলা চলচ্চিত্রগুলিকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্রপ্রেমীদের মনে। সব মিলিয়ে ফের বাংলা সিনেমার প্রতি বঞ্চনার অভিযোগ সামনে এসেছে।


