Bengal Liberty : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) অন্যতম প্রতীক্ষিত ছবি ‘Avengers: Doomsday’। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ছবির ফাইনাল ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই মার্ভেল ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। কারণ এবারের ছবিতে শুধু অ্যাভেঞ্জার্স নয়, একইসঙ্গে দেখা যাবে এক্স-মেন এবং ফ্যান্টাস্টিক ফোরের মতো জনপ্রিয় সুপারহিরোদের। অন্যদিকে, খলনায়কের ভূমিকায় রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম যে কতটা ভয়ংকর হতে চলেছে, তারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে নতুন ট্রেলারে।
প্রায় তিন মিনিটের এই ট্রেলারের শুরুতেই দেখা যায় স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) এবং পেগি কার্টারকে (হেইলি অ্যাটওয়েল)। নিজেদের ছেলেকে নিয়ে তাঁদের কথোপকথনের মধ্যেই উঠে আসে স্টিভের অতীত পরিচয়ের প্রসঙ্গ। এরপরেই তাঁদের বাড়িতে হাজির হয় ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা। রিড রিচার্ডস, সু স্টর্ম, জনি স্টর্ম এবং বেন গ্রিমের আগমন যে ছবির গল্পে বড়সড় মোড় আনতে চলেছে, তা বলাই বাহুল্য।
ট্রেলারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে ‘Avengers: Endgame’-এর সময় ভ্রমণ এবং অতীতে ফিরে গিয়ে ঘটনাপ্রবাহ পরিবর্তনের প্রসঙ্গ। স্টিভ রজার্সের কণ্ঠে শোনা যায়, অতীতে পৃথিবীকে বাঁচানোর জন্য তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ভয়ংকর পরিণতি যে ভবিষ্যতে অপেক্ষা করছে, তা তাঁরা বুঝতে পারেননি। অর্থাৎ থ্যানোসের স্ন্যাপের পরিণতি বদলাতে গিয়ে এবার গোটা মাল্টিভার্সকেই বিপদের মুখে ঠেলে দিয়েছেন সুপারহিরোরা।
আরও খবর
নতুন ট্রেলারের সবচেয়ে বড় চমক অবশ্যই পুরনো এক্স-মেনদের প্রত্যাবর্তন। প্যাট্রিক স্টুয়ার্টের প্রফেসর এক্স, ইয়ান ম্যাককেলেনের ম্যাগনেটো এবং জেমস মার্সডেনের সাইক্লপসকে আবারও দেখা যাবে বড় পর্দায়। বিশেষ করে সাইক্লপসের মুখে ‘To me, my X-Men’ সংলাপটি শুনে নস্টালজিয়ায় ভাসছেন কমিকসপ্রেমীরা। পাশাপাশি নাইটক্রলার, মিস্টিক এবং গ্যাম্বিটের উপস্থিতিও ছবির আকর্ষণ বাড়িয়েছে।
সব মিলিয়ে ফাইনাল ট্রেলারেই মার্ভেল বুঝিয়ে দিয়েছে, ‘Avengers: Doomsday’ শুধুমাত্র আরেকটি সুপারহিরো ছবি নয়, বরং MCU-র মাল্টিভার্স কাহিনির অন্যতম বড় অধ্যায় হতে চলেছে। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত এই ছবিতে একাধিক জনপ্রিয় চরিত্রকে একই পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। আগামী ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে ছবিটি। এখন দেখার, ডক্টর ডুমের বিরুদ্ধে এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত জয় কার হয় সেই দিকেই নজর মার্ভেল সিনেপ্রেমীদের।


