Bratya Basu
তদন্তের মুখে ব্রাত্য বসু

যৌন হেনস্থার অভিযোগের পর এ বার বাংলা একাডেমিতে দুর্নীতির অভিযোগ, তদন্তের মুখে ব্রাত্য বসু!

বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে ব্রাত্য বসুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন একাধিক ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। একাডেমির তরফে বিভিন্ন পুরস্কার প্রদান এবং বই প্রকাশের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের সমর্থনে বেশ কিছু নথিও কমিশনের দফতরে জমা দেওয়া হয়েছে বলে খবর। সেই সব নথি খতিয়ে দেখার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

উল্লেখ্য, এর আগেও ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। দুই মহিলার অভিযোগ, ফোনে তাঁদের কুপ্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ বিভিন্ন ভাবে তাঁদের হেনস্থা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জ়িরো এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি, ব্রাত্য বসু এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন ব্রাত্য বসু। ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পর পরিকল্পিত ভাবে তাঁর নাম জড়ানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এ বার বাংলা অকাদেমিতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, অভিযোগ জমা পড়লে তদন্ত হোক।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।