‘বর্গা আইনের নামে রাজবংশীদের জমি কেড়েছে সিপিএম’, কোচবিহারে বিস্ফোরক শুভেন্দু
‘বর্গা আইনের নামে রাজবংশীদের জমি কেড়েছে সিপিএম’, কোচবিহারে বিস্ফোরক শুভেন্দু

‘বর্গা আইনের নামে রাজবংশীদের জমি কেড়েছে সিপিএম’, কোচবিহারে বিস্ফোরক শুভেন্দু

Bengal Liberty : রাজবংশী সমাজের জমি বেহাত হওয়ার জন্য সরাসরি প্রাক্তন বামফ্রন্ট সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভূমি সংস্কার ও বর্গা আইনের আড়ালে স্থানীয় ভূমিপুত্রদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। বুধবার কোচবিহারের রাসমেলার উদ্বোধনে যাওয়ার আগে উত্তরকন্যায় রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বাম আমলের ভূমিনীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের উন্নয়নে দেওয়া একাধিক প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দেন তিনি।

জমি ফেরানো নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন-সহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছেন শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিশিষ্ট লেখক, চিকিৎসক, বুদ্ধিজীবী, আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী এবং ওই সম্প্রদায় থেকে উঠে আসা জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দীর্ঘ আলোচনায় উঠে আসে রাজবংশী সমাজের জমি হারানোর প্রসঙ্গ।

মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে উপস্থিত অনেকেই তাঁদের পূর্বপুরুষদের জমি বেহাত হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এক সময়ে যে জমির মালিকানা তাঁদের হাতে ছিল, বর্তমানে তার অধিকাংশই তাঁদের দখলে নেই বলে অভিযোগ করেছেন তাঁরা। এই প্রসঙ্গেই প্রাক্তন বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেন শুভেন্দু।

তাঁর দাবি, বর্গা আইন ও ভূমি সংস্কার কার্যকর করার নামে স্থানীয় মূলবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর ফলে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষ জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে তাঁর বক্তব্য, অতীতে যা ঘটেছে, তা এখনই সংশোধন করা সম্ভব নয়। তবে আগামী দিনে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

শুধু জমির সমস্যা নয়, রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আলোচনায় হেরিটেজ কমিশন গঠন, বিভিন্ন স্কুলের জন্য অর্থ বরাদ্দ, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং শিল্পীদের ভাতা দেওয়ার মতো একাধিক বিষয় উঠে এসেছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস, রাজ্য সরকার রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। নির্বাচনী সংকল্পপত্রে এই দুই সম্প্রদায়ের জন্য যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন বলেও জানান তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।