বাসন্তীতে ১৪ বছরের কিশোরীকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড তিন দোষীর
বাসন্তীতে ১৪ বছরের কিশোরীকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড তিন দোষীর

বাসন্তীতে ১৪ বছরের কিশোরীকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড তিন দোষীর

Bengal Liberty : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছিল। খুনের পর তার দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। এ বার সেই ঘটনায় কড়া সাজা ঘোষণা করল আদালত। ২০২৫ সালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর ফাস্ট ট্র্যাক আদালত। অপহরণ ও খুনের ঘটনায় তিন জনকেই দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। এর পর তাকে নৃশংসভাবে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। প্রায় ১২ দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার হয় ১৪ বছরের ওই কিশোরীর দেহ। ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে মামলায় সাজা ঘোষণা করল আদালত।

বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, তিন অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁদের মধ্যে বুদ্ধদেব সর্দারের ভূমিকা ছিল মুখ্য। অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত করা হয়েছিল। এমনকি, খুনের আগে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন মূল অভিযুক্ত। সে কথাও আদালতে জানানো হয়েছে। পরে বাকি দু’জনকেও এই অপরাধে যুক্ত করা হয়েছিল।

সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী, অপরাধের ভয়াবহতা বিবেচনা করে দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কারণ, শুধু ১৪ বছরের কিশোরীকে খুন করাই নয়, তার দেহ মাটিতে পুঁতে দেওয়ার পর তাকে খুঁজে বেড়ানোর অভিনয় করার অভিযোগও উঠেছিল মূল অভিযুক্তের বিরুদ্ধে। তবে মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের এই রায়ে মামলার বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।