বাংলার সড়ক যোগাযোগে ২৫ হাজার কোটির প্রকল্প! আজ রাজ্যে নিতিন গড়করি
বাংলার সড়ক যোগাযোগে ২৫ হাজার কোটির প্রকল্প! আজ রাজ্যে নিতিন গড়করি

বাংলার সড়ক যোগাযোগে ২৫ হাজার কোটির প্রকল্প! আজ রাজ্যে নিতিন গড়করি

Bengal Liberty : বাংলার পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ। প্রায় ২৫ হাজার কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প ঘিরে আজ মেদিনীপুরে বিশেষ কর্মসূচি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি আরও প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় মন্ত্রী। দুপুর সাড়ে ১২টা নাগাদ কর্মসূচি শুরু হওয়ার কথা।

এই কর্মসূচির অন্যতম আকর্ষণ পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী সেতু-সহ চারটি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাতায়াতের সময় কমানো এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করাই এই প্রকল্পগুলির অন্যতম লক্ষ্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের নির্মাণ ও সম্প্রসারণের কাজও এই উদ্যোগের আওতায় আসতে চলেছে।

দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতার কারণে রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্প আটকে থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ নিয়ে অতীতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিকবার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। তবে রাজ্যে এখন নতুন সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকাঠামো উন্নয়নের কাজে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্য প্রশাসনের কর্তাদের বৈঠক হওয়ারও কথা রয়েছে। সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জমি অধিগ্রহণ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। বাংলা সফরের আগে নিতিন গড়করি তাঁর সমাজমাধ্যমের হ্যান্ডলে প্রকল্প সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কাজে গতি আনার বার্তা দিয়েছেন।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফরেও দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়েছিল। এ বার সড়ক পরিকাঠামো উন্নয়নেও বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে শিল্প, বাণিজ্য ও পণ্য পরিবহণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে আজকের কর্মসূচির দিকে নজর রয়েছে রাজ্যের শিল্প ও বাণিজ্যমহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।