Bengal Liberty : দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় দফতর ভাঙার ওপর কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ করা হয়েছে। জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অভিষেকের বিতর্কিত পার্টি অফিস ভাঙার মামলায় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, আমতলায় ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভবনটি বেআইনিভাবে এবং অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ করা হয়েছে। গুরুতর এই অভিযোগের ভিত্তিতে জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়েছিল। ভবনটি ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর নামে নথিভুক্ত। সংস্থার তরফে আদালতে দাবি করা হয় যে, ন্যূনতম আইনি নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই প্রশাসন ভাঙার কাজ শুরু করেছে। এছাড়া, যে জমির দাগের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ তোলা হয়েছে, তার বদলে অন্য দাগের (৫০৭ নম্বর দাগ) ভবনে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত ৬.৫ মিটার নির্মাণ করা হয়েছে।
এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও নির্দিষ্ট পক্ষ থেকে কোনও সাক্ষী দেওয়া হয়নি বলে দাবি। ১৯ জুলাই জরুরি শুনানিতে কলকাতা হাই কোর্ট প্রথম এই ভবন ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন তোলেন, “পঞ্চায়েত পর্যন্ত কাজ যাওয়ার পর প্রশাসনের কি আর কোনও দায়িত্ব থাকে না?” পরবর্তীতে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানি চলাকালীন ধাপে ধাপে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সেইমতো সর্বশেষ নির্দেশ অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ওই কার্যালয় ভাঙার ওপর স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে।


