রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায়, মায়ানমারের অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক!
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায়, মায়ানমারের অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক!

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায়, মায়ানমারের অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক!

Bengal Liberty : ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় সে দেশের সেনাবাহিনী। সেই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমের উপর অত্যাচার, খুন-সহ একাধিক গুরুতর অভিযোগ ওঠে। সেই সব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে দেশটি।

২০২০ সালে আন্তর্জাতিক বিচার আদালত নির্দেশ দেয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। সেনাবাহিনী বা অন্য কোনও বাহিনীকে এমন অপরাধে জড়িত হতে দেওয়া যাবে না। গণহত্যার অভিযোগ সংক্রান্ত প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর আদালতে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নির্দেশগুলি মামলার চূড়ান্ত রায় ছিল না। মামলা চলাকালীন রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে ওই নির্দেশ জারি করেছিল আদালত। তবে ছ’বছর পর আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত এই মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালত জানায়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সামরিক অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে এবং এর জন্য মায়ানমার রাষ্ট্র দায়ী। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান-সহ সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানের দায়িত্ব মায়ানমার সরকারেরই। আদালতের নির্দেশ অমান্য করা হলে তা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুতর বিষয় হিসাবে বিবেচিত হবে।

আদালতের রায়ের পরেই বিবৃতি দিয়েছেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। তিনি জানিয়েছেন, তাঁর সরকার দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তবে আদালতের যে সমস্ত নির্দেশকে তাঁর সরকার ‘অনুপযুক্ত’ বলে মনে করবে, সেগুলি মানা হবে না। গাম্বিয়ার দায়ের করা মামলাটি মায়ানমারের বিরুদ্ধে একপাক্ষিক অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলেও দাবি করেছে সে দেশের সরকার। এমনকি, মিন অং হ্লাইংয়ের দাবি, ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার আন্তর্জাতিক ক্ষেত্রে মায়ানমারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের পর মায়ানমারের বর্তমান সরকারের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। অন্য দিকে, মায়ানমার সরকারের অবস্থানের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গার নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন আরও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী দিনে রোহিঙ্গা সঙ্কটের সমাধান এবং আন্তর্জাতিক আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে মায়ানমার সরকার কী অবস্থান নেয়, সে দিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।