Israel Gaza War
Israel Gaza War

গাজায় ফের রক্তের বন্যা! ইজরায়েলের হামলায় হামাস কমান্ডার-সহ মৃত ৭

Bengal Liberty : : যুদ্ধবিরতি ঘোষণা হলেও গাজায় থামছে না মৃত্যুমিছিল। গাজায় ফের ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল। এই ঘটনায় মৃত্যু হয়েছে হামাস কমান্ডার-সহ ৭ জনের। আহত হয়েছেন আরও অনেকে। এমনটাই জানিয়েছে সেখানকার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ নিরাপত্তা আধিকারিক নাইম আবু নাহেল। মঙ্গলবার গাজার একাধিক এলাকায় হামলা চালায় ইজরায়েল। তাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। যুদ্ধবিরতির পরেও বারবার এই হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়।


এই বিষয়ে হামাস-পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান নাইম আবু নাহেলকে নিশানা করেছিল ইজরায়েলি সেনা। এদিনের এই অভিযান মৃত্যু বয়েছে ৫০ বছর বয়সি এই নেতার। হামাসের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা যায়, সেপ্টেম্বর মাস থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাঁর পূর্বসূরি ইজরায়েলি বাহিনীর এক অভিযানে আটক হয়েছিলেন।

এর পাশাপাশি, গাজার অন্যান্য এলাকায় আরও দু’টি বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। তাতে প্রাণ হারিয়েছে আরও ছ’জন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, গাজা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে একটি ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।


২০২৫ সালের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও দু’পক্ষের লড়াই সম্পূর্ণ থামেনি। কিন্তু তারপরেও গাজায় বারবার হামলার ঘটনা সামনে এসেছে। ইজরায়েলের অভিযোগ, হামাস ফের নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন করে হামলার পরিকল্পনা করছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ হামাস। তাদের দাবি, যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে তারা প্রস্তুত।

বরং ইজরায়েলই বারবার হামলা চালিয়ে পরিস্থিতি অশান্ত করে তুলছে। হিসাব বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০০ জন প্যালেস্তিনীয় এবং পাঁচজন ইজরায়েলি সেনা। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকাই ইজরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। অন্যদিকে, হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজার উপকূলীয় অঞ্চলের খুব সামান্য একটি অংশ। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গাজায় ইজরায়েলি হামলায় ৭৪ হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। এর ফলে সেখানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। খোলা আকাশের নিচে দিন কাটছেন অধিকাংশ গাজাবাসী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।