Bengal Liberty : ইজরায়েলের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত! দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা এবার কি শেষের পথে? দেশের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকোটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নেতানিয়াহুর কাছে বড় ধাক্কা।
গত ২৭ অক্টোবর ইজরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু নির্বাচনে কোনও পক্ষই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। এমনকি ভোট চুরির অভিযোগ নিয়েও সরব হন নেতানিয়াহুর। কিন্তু এত কিছুর পরেও সরকার গঠন করতে ব্যর্থ তিনি।
৭ নভেম্বর শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা তথা ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেন। রবিবার ৮ নভেম্বর জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা।
প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলির আলোচনায় মোট ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। ফলে সংখ্যার বিচারে অনেকটাই এগিয়ে রয়েছেন আইজেনকোট।
তবে সরকার গঠনের রাস্তা মোটেও সহজ নয় আইজেনকোটের কাছে। ইজরায়েলের ১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকোটের চার দলের জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন।
এদিকে আরব নেতৃত্বাধীন দলগুলি মোট ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন আইজেনকোটের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও আরব দলগুলির সঙ্গে জোট সরকার গঠন নিয়ে আইজেনকোটের অবস্থান যথেষ্ট জটিল। ফলে সরকার গঠনের জন্য তাঁকে একাধিক রাজনৈতিক সমীকরণ মেলাতে হবে।
প্রেসিডেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন আইজেনকোট। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারলে পরবর্তী প্রার্থীর হাতে সরকার গঠনের দায়িত্ব যেতে পারে।
অন্যদিকে, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে ইজরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তার করা নেতানিয়াহুর জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার বিরোধীদের চাপে যথেষ্ট অস্বস্তিতে। তবে শেষ পর্যন্ত আইজেনকোট সরকার গঠন করতে পারবেন কি না, নাকি ফের নতুন করে রাজনৈতিক সমীকরণ বদলাবে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


