Bengal Liberty : কলামিস্ট: নয়ন বিশ্বাস রকি সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী
বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও এক নতুন আলোর ইঙ্গিত দেখা যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী তথা একাধিকবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে আসার লক্ষ্যে ব্রিটিশ আইনজীবীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এই খবর দেশের কোটি কোটি মানুষের মনে নতুন করে আশা, উদ্দীপনা ও প্রেরণা জাগিয়েছে। এটি কেবল একজন নেত্রীর ফিরে আসার বিষয় নয়, বরং গণতন্ত্র, মানবতা ও ন্যায়ের পক্ষে এক মহান নৈতিক বিজয়ের ইঙ্গিত।
আমরা লক্ষ্য করছি, বর্তমান বিএনপি সরকারের মন্ত্রীদের বক্তব্যে কোনও ধারাবাহিকতা নেই। একেকজন একেক রকম কথা বলছেন। কেউ এক কথা বলছেন, তো অন্যজন বলছেন সম্পূর্ণ বিপরীত কথা। তাঁদের এই অসংলগ্ন বক্তব্যই প্রমাণ করে, তাঁরা নিজেরাও জানেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকিয়ে রাখা সহজ হবে না। জনগণের নেত্রীকে দীর্ঘদিন জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায় না। ইতিহাস বারবার এই সত্যের প্রমাণ দিয়েছে।
আরও খবর
আজকের সরকারপ্রধান তারেক রহমান ১৭ বছর লন্ডনে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি কখনও দেশে ফিরে আসার বিষয়ে জোরালোভাবে কিছু বলেননি, জনগণের মধ্যে থাকার আকাঙ্ক্ষাও প্রকাশ করেননি। অথচ শেখ হাসিনা পশ্চিমি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, “আমি আমার জন্মভূমি বাংলাদেশে ফিরতে চাই এবং জনগণের মাঝেই থাকতে চাই। জনগণই আমার শক্তি।”
এটাই পার্থক্য। একজন নেতা বিদেশে অবস্থান করেন, আরেকজন নেত্রী দেশে ফিরে আসতে চান। একজনের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক, অন্যজনের বক্তব্যে উঠে আসে জনগণের কাছে ফেরার আকাঙ্ক্ষা। এই অবস্থানই প্রমাণ করে, কে জনগণের নেতা আর কে ক্ষমতালোভী। শেখ হাসিনার এই সাহসী উচ্চারণই তাঁর প্রথম নৈতিক বিজয়।
তাঁকে নিয়ে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা করা হয়েছে, তা নিয়ে দেশ-বিদেশের আইনজীবী মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে। অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই বিচারপ্রক্রিয়ার বৈধতা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলির আইনগত ভিত্তি অত্যন্ত দুর্বল বলেও দাবি করছেন তাঁর আইনজীবীরা। তাঁদের মতে, মামলাগুলি শেষ পর্যন্ত আইনি পরীক্ষায় টিকবে না। অত্যন্ত দুঃখের বিষয়, ৬০০ জনকে হত্যার অভিযোগের মধ্যে ১২৬ জনের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন পরবর্তীকালে জীবিত অবস্থায় ফিরে এসেছেন বলেও অভিযোগ উঠেছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জনগণের প্রাণপ্রিয় নেত্রীকে কখনও আটকে রাখা যাবে না। সত্যের জয় অবশ্যম্ভাবী।
যাঁরা এই মামলা, ষড়যন্ত্র ও পরিকল্পনার সঙ্গে জড়িত, তাঁদের মনে রাখা উচিত, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যাঁরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে রয়েছেন, কাল ইতিহাসের কাঠগড়ায় তাঁদেরই দাঁড়াতে হতে পারে। জনগণ সব দেখছে, সব বুঝছে এবং সব মনে রাখছে।
শেখ হাসিনার জীবনে স্বদেশ প্রত্যাবর্তন নতুন কোনও ঘটনা নয়। এর আগেও তিনি দু’বার দেশে ফিরে এসেছেন। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে তিনি দেশে ফিরেছিলেন পিতৃহারা, মাতৃহারা ও সর্বস্বান্ত অবস্থায়। কিন্তু তাঁর পাশে ছিল জনগণের ভালোবাসা। ২০০৭-০৮ সালেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তিনি দেশে ফিরে এসেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবার হতে চলেছে তাঁর তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তন। আর এই প্রত্যাবর্তন হবে সবচেয়ে ঐতিহাসিক ও গৌরবময়—এমনটাই আশা তাঁর সমর্থকদের।
এই স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করতে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা—প্রতিটি স্তরে মানুষকে সংগঠিত করতে হবে। বিভেদ ও ব্যক্তিস্বার্থ ভুলে দলের জন্য, দেশের জন্য এক কাতারে দাঁড়াতে হবে।
ই প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগের জন্য নয়, সমগ্র এশিয়া উপমহাদেশের রাজনীতির ক্ষেত্রেও একটি নজির স্থাপন করতে পারে। যুগ যুগ ধরে মানুষ এই ঘটনা থেকে অনুপ্রেরণা ও শিক্ষা গ্রহণ করবে। একজন নারী নেত্রী কীভাবে সমস্ত বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে জনগণের কাছে ফিরে আসেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে—এমনটাই প্রত্যাশা তাঁর অনুগামীদের।
তাই দেশবাসীকে প্রস্তুত হতে হবে। সবাইকে রাজপথে নামতে হবে। তবে এই আন্দোলন কেবল কোনও একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং রাষ্ট্রকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে—এমনটাই দাবি লেখকের।
আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইন অঙ্গন, বিচার বিভাগ, মানবাধিকার, গণমাধ্যম ও বাক্স্বাধীনতা আজ হুমকির মুখে বলে মনে করছেন লেখক। এগুলি রক্ষা করার জন্য রাজপথে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেখ হাসিনা মানেই উন্নয়ন—এমনটাই মনে করেন তাঁর সমর্থকেরা। তাঁদের কাছে শেখ হাসিনা মানেই পদ্মা সেতু, মেট্রোরেল ও ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা মানেই দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং শান্তির বাংলাদেশ। তাঁকে ছাড়া বাংলাদেশের উন্নয়নের চাকা থমকে যাবে, এমনটাই আজ অনেকের ধারণা।
আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ভয়কে জয় করি। সত্যের পক্ষে দাঁড়াই। শেখ হাসিনার তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনে পরিণত করার লক্ষ্যে এগিয়ে আসি।


