Bengal Liberty : একটি ছোট ভিডিও। তাতে লেখা, আগামীকাল ঠিক ৫:৪৫-এ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের নাম প্রকাশ্যে আনা হবে। নতুন এই ভিডিওটি মুম্বই দলের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। আগামী আইপিএলে কার কাঁধে মুম্বই দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে প্রশ্ন উঠছে, ৫:৪৫-এর আসল অর্থ কী? এটি কি শুধুই একটি সময়, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য?
সূত্রের খবর, ৫:৪৫-এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা তথা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম। শোনা যাচ্ছে, ফের একবার দলের অধিনায়কের দায়িত্ব তাঁর হাতেই তুলে দেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে) আইপিএল শিরোপা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবারই দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ‘হিটম্যান’। তবে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে দলে ফেরানোর পর থেকে আর আইপিএল ট্রফি জিততে পারেনি এমআই। একসময় জোড়-বিজোড় বছরের সমীকরণ ঘিরেও মুম্বইয়ের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রত্যাশা।
এর পাশাপাশি, ৫:৪৫ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি সম্ভাব্য ইঙ্গিত। রোহিত শর্মার জার্সি নম্বর ৪৫। অন্যদিকে, তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে পাঁচটি আইপিএল ট্রফি। সেক্ষেত্রে ৫:৪৫ সংখ্যাটির মাধ্যমে কি রোহিতের প্রত্যাবর্তনেরই ইঙ্গিত দেওয়া হচ্ছে? তিনি কি ফের মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন? নাকি সূর্যকুমার যাদব কিংবা অন্য কারও হাতে উঠবে নেতৃত্বের ব্যাটন? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে আগামীকাল ঠিক ৫:৪৫-এ। ততক্ষণ পর্যন্ত জল্পনা ও সম্ভাবনার দোলাচলে ক্রিকেটপ্রেমীরা।


