পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ? আইপিএলের নিলামের আগেই জমজমাট ক্রিকেট মহল!
পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ? আইপিএলের নিলামের আগেই জমজমাট ক্রিকেট মহল!

পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ? আইপিএলের নিলামের আগেই জমজমাট ক্রিকেট মহল!

Bengal Liberty : ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনের আসর। ১০টি দল নিজেদের দল গোছাতে সেরার সেরা ক্রিকেটারদের জন্য নিলামে ঝাঁপাবে। যে দল সবচেয়ে বেশি টাকা খরচ করবে, সেই দলই পেয়ে যাবে সেই ক্রিকেটারকে। তবে ১৬ ডিসেম্বরের আগেই একাধিক ক্রিকেটারের দলবদলকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে আইপিএলের ইতিহাসের অন্যতম বড় খেলোয়াড় বদল হয়তো এখন শুধুই সময়ের অপেক্ষা। ভারতীয় অলরাউন্ডার এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ঘিরে বেশ কিছু দিন ধরেই বাজার গরম। আগের মরশুমেই প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল যে, মুম্বইয়ের দলে আর থাকবেন না হার্দিক।

খবর সামনে আসতেই একাধিক দল হার্দিকের সঙ্গে যোগাযোগ করে। পিছিয়ে ছিল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু শেষ মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এবারও কেকেআরের প্রাপ্তি শুধুই শূন্য। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, পাঞ্জাব ও ভারতীয় দলের তারকা পেসার আর্শদীপ সিং নাকি মুম্বইয়ে আসছেন। তাঁর বদলে পাঞ্জাব দলে খেলতে দেখা যেতে পারে হার্দিককে। সূত্রের খবর, বিসিসিআইয়ের কাছে ইতিমধ্যেই বিড জমা পড়ে গিয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর ও ঘোষণার অপেক্ষা।

সত্যিই যদি হার্দিক পাঞ্জাবে আসেন, তাহলে কি আর এক তারকা ক্রিকেটার তথা ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের বদলে হার্দিককে পাঞ্জাব দলের অধিনায়কের দায়িত্ব নিতে দেখা যাবে? অতীতেও মুম্বই ইন্ডিয়ান্সে আসার পর পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে মুহূর্তের মধ্যে সরিয়ে হার্দিকের হাতেই তুলে দেওয়া হয়েছিল অধিনায়কের দায়িত্ব। যদিও সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগেনি। সেই সঙ্গে হার্দিকের বিরুদ্ধে ক্রিকেটপ্রেমীরা তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন।

এবারও কি আবার একই ঘটনা ঘটবে? সেই প্রশ্নের উত্তর সময়ই বলবে। তারই সঙ্গে আর্শদীপের মুম্বই দলে যোগ দেওয়া মানে একই দলে জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ কার্যত ধসিয়ে দিতে পারে এই জুটি, এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএল শুরু হওয়ার আগেই জোরকদমে চলছে নিলামের প্রস্তুতি। এরই মধ্যে এই বিস্ময়কর খবরকে ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা। কী হবে হার্দিকের ভবিষ্যৎ? কোন দলের জার্সি গায়ে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে? এই নিয়েই জল্পনা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।