Kieron Pollard
Kieron Pollard

সমস্ত জল্পনার অবসান! মুম্বই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ হলেন পোলার্ড

Bengal Liberty : আইপিএলের মঞ্চে ফের বড়সড় পরিবর্তন। মহেলা জয়বর্ধনের বিদায়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। আইপিএল ২০২৭-এর আগে দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। শনিবার, ২৪ অক্টোবর, এই ঘোষণা করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

ব্যাটিং কোচ থেকে এবার হেড কোচের দায়িত্ব

দীর্ঘদিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত কায়রন পোলার্ড। ক্রিকেটার হিসেবে মুম্বইয়ের জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস উপহার দেওয়ার পাশাপাশি দলের পাঁচটি আইপিএল শিরোপা জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২২ সালে আইপিএল থেকে অবসর নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পোলার্ড। এবার সেই দায়িত্ব থেকে পদোন্নতি হয়ে সরাসরি হেড কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

পোলার্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুম্বই ইন্ডিয়ান্সকে ফের আইপিএলের শিরোপা জয়ের দৌড়ে শক্তিশালীভাবে ফিরিয়ে আনা। দলের সংস্কৃতি সম্পর্কে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, ক্রিকেটারদের মানসিকতা সম্পর্কে ধারণা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন ইনিংস শুরু করতে চাইবেন তিনি।

২০২০ সালের পর আর আইপিএলের ট্রফি জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরানোর পর গুজরাট টাইটান্স থেকে হার্দিক পাণ্ড্যকে ফিরিয়ে এনেও প্রত্যাশিত সাফল্য পায়নি দল। পাশাপাশি, হার্দিকের ভবিষ্যৎ দল নিয়েও জল্পনা চলছে। সব মিলিয়ে আইপিএলের নতুন মরসুমের আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। পোলার্ডের নতুন দায়িত্ব গ্রহণের পর মুম্বই ইন্ডিয়ান্স ফের ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।