স্টেট হাইওয়ে পরিণত হবে ন্যাশনাল হাইওয়েতে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবেন মুখ্যমন্ত্রী
স্টেট হাইওয়ে পরিণত হবে ন্যাশনাল হাইওয়েতে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবেন মুখ্যমন্ত্রী

স্টেট হাইওয়ে পরিণত হবে ন্যাশনাল হাইওয়েতে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের পরিধি বাড়াতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাখবেন। আশ্বস্ত করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে আরও বেশি সংখ্যক রাজ্য সড়ককে জাতীয় সড়কের আওতায় আনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে শুভেন্দু বলেন, ‘জাতীয় সড়ক ও পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। গত ছ’মাসে জমি অধিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। রাজ্যকে প্রায় ১০ হাজার ইলেকট্রিক ভেহিকল দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’ শুভেন্দুর বক্তব্য, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য অনেকটাই কম। এর ফলে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজ্য বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

পাশাপাশি, রাস্তায় নিরাপত্তা নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জাতীয় সড়কের বিভিন্ন অংশের বেহাল দশার বিষয়টিও বৈঠকে তুলে ধরেছে রাজ্য। জানা গেছে, এদিনের এই বৈঠকে ডালখোলা থেকে ইসলামপুর, বেলডাঙা, কল্যাণী, ছোট জাগুলিয়া এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-সহ একাধিক জায়গায় রাস্তা মেরামতি, সংস্কার ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কয়েকটি নতুন রাস্তার প্রস্তাবও এসেছে। সেগুলির সমীক্ষা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সুষ্ঠু কাজের জন্য প্রতি ছ’মাস অন্তর পশ্চিমবঙ্গে একটি করে পর্যালোচনা কর্মসূচি করবেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা কাজের জন্য ইতিমধ্যেই একটি রোডম্যাপও তৈরি হয়েছে। তবে জাতীয় সড়কের পরিধি বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, প্রতি দু’মাস অন্তর নিজে বৈঠক করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ১৫ বছর কেন্দ্রের সঙ্গে তৎকালীন রাজ্য সরকারের প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতি বদলাতে প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ প্রয়োজন। এমনটাই মনে করেন শুভেন্দু।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।