এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, সমস্যায় ভারতীয়রা
এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, সমস্যায় ভারতীয়রা

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, সমস্যায় ভারতীয়রা

Bengal Liberty : : যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য এক অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। আইবিএম কর্তৃপক্ষ তাঁদের কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদের জন্য ওয়ার্ক ভিসা (এইচ১বি) এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ হবে তাঁদের শেষ কর্মদিবস। সেই সঙ্গে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ আমেরিকা ছাড়তে না চান, তাহলে তাদের আইবিএমের চাকরি ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে পারেন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা।

জানা যাচ্ছে, আইবিএমের সবচেয়ে বড় শাখা ‘আইবিএম কনসাল্টিং’-এ প্রায় দেড় লক্ষ কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে বড় অংশই রয়েছেন ভারতীয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কতজন ভারতীয় ক্ষতিগ্রস্ত হবেন, তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে প্রকাশিত কয়েকটি খবরে দাবি, আইবিএম কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এইচ-১বি ভিসাধারী এবং যাঁরা গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের উপর। আমেরিকা ছেড়ে অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না, তা জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহ সময় দিয়েছে আইবিএম কর্তৃপক্ষ। বলা হয়েছে, যাঁরা আমেরিকার বাইরে গিয়ে সংস্থার অন্য দফতরে কাজের প্রস্তাব গ্রহণ করবেন না, তাঁদের তিন মাসের ‘সেভারেন্স প্যাকেজ’ (ছাঁটাই কর্মচারীকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণ) দেওয়া হবে।

সূত্রের খবর, ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর সহজলভ্যতাই এই সিদ্ধান্তের ‘মূল কারণ’ হিসেবে জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আইবিএমের এক আধিকারিকের কথায়, “দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং-এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে সংস্থার সব শাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।