প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদ, ‘অপরাধে’ গ্রেফতার হলেন অস্কার-মনোনীত চিত্রনাট্যকার
প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদ, ‘অপরাধে’ গ্রেফতার হলেন অস্কার-মনোনীত চিত্রনাট্যকার

প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদ, ‘অপরাধে’ গ্রেফতার হলেন অস্কার-মনোনীত চিত্রনাট্যকার

Bengal Liberty : প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদ করেছিলেন তিনি। এই ‘অপরাধে’ই গ্রেফতার করা হল ইরানের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী ও অস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার মেহেদি মাহমুদিয়ানকে। জানা গেছে, তেহরানে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে মাহমুদিয়ানকে। সূত্রের খবর, বুধবার তাঁর বাড়িতে হানা দেয় সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁকে আটক করে লেখার ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়। সরকারবিরোধী ‘অপপ্রচার’ চালানো এবং ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মূলত সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। তাঁর বন্ধুর দাবি, মাহমুদিয়ানকে গ্রেফতার করার পর তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে নীতিপুলিশের হাতে ২২ বছরের মাহসা আমিনি গ্রেফতার হওয়ার পর তাঁর মৃত্যু ঘিরে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি। কয়েক মাস ধরে চলেছিল ওই বিক্ষোভ। শেষমেষ বিক্ষোভ দমনের কারণে অসংখ্য মানুষ মারা যান। কয়েক হাজার মানুষকে আটকও করা হয়।

সেই সময় এই বিষয়ে মাহমুদিয়ান তাঁর টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলেন, ওই প্রতিবাদের ঘটনায় কারাবন্দি দুই বিক্ষোভকারীকে ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতে পারে। তিনি যে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত, সেই ‘ইরান হিউম্যান রাইটস’ নামের সংগঠনটি জানিয়েছে, আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৈরি বিক্ষোভের জেরে অন্তত ১৫ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবার দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই গ্রেফতার করা হল মাহমুদিয়ানকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।