Bengal Liberty : বোতলবন্দি পানীয় জলের নিরাপত্তা নিয়ে ফের বিতর্কে জনপ্রিয় সংস্থা বিসলেরি। এবার সংস্থার পশ্চিমবঙ্গের একটি প্ল্যান্ট থেকে সংগৃহীত জলের নমুনায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। শুধু তাই নয়, এর আগে গোয়ার একটি প্ল্যান্টের জলেও দূষিত উপাদানের উপস্থিতি ধরা পড়েছিল। পরপর এমন ঘটনায় সংস্থার জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের প্ল্যান্টের জলেও ব্যাকটেরিয়া
সূত্রের খবর, জলপাইগুড়ির তেলিপাড়া এলাকায় অবস্থিত বিসলেরির একটি প্ল্যান্ট থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার জন্য সেই নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষার পাশাপাশি দ্বিতীয় দফার পরীক্ষাতেও জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। ফলে জলের গুণমান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গোয়ায় অবস্থিত বিসলেরির একটি প্ল্যান্ট থেকে সংগৃহীত জলের নমুনাও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গত ১২ অগস্ট সংস্থার একটি নির্দিষ্ট ব্যাচের জল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল FSSAI। অর্থাৎ, পরপর একাধিক ঘটনায় চাপে পড়েছে পানীয় জল প্রস্তুতকারী সংস্থাটি।
বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ
খাদ্য নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষায় জলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোম্যাট পাওয়া গিয়েছে। পাশাপাশি মিলেছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস-এর উপস্থিতিও। FSSAI জানিয়েছে, ব্রোম্যাটের পরিমাণ নির্ধারিত মানের বেশি হওয়ায় ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও মান আইন অনুযায়ী ওই নমুনার জলকে অসুরক্ষিত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর বিসলেরি অন্য একটি পরীক্ষাগারে নমুনা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। সংস্থার প্রস্তাবিত পরীক্ষাগারেও নমুনা পরীক্ষা করা হয়। সেখানেও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ মেলে। এরপরই বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেয় FSSAI।


