Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশ মাত্রই সাসপেন্ড চাঁচলের শিক্ষক!

শনিবার মুখ্যমন্ত্রী বলেন, “দেবদেবীর অপমান করলে ছাড়া হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে কালই বলে দিয়েছিলাম সাসপেন্ড করতে হবে।” তাঁর বক্তব্য, মালদহের চাঁচলে যে শিক্ষকের বিরুদ্ধে সরস্বতীর ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকেও সরানো হবে। এদিন সিপিএমের আমলের প্রসঙ্গ টেনেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সিপিএম আমলে এসব চলত। তখন এই ধরনের কাজকর্ম দেখেও মুখ বুজে থাকা হত। আমি তখন থাকলে ঢুকিয়ে দিতাম। এখন আমি আছি, এবং এই কথাটা স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছি, কোনও দেবদেবীর অপমান করলে ছাড়া হবে না। এ রাজ্যে সব ধর্মের মানুষের ধর্মপালনের স্বাধীনতা রয়েছে।” মুখ্যমন্ত্রীর মতে, দেবী সরস্বতী কেবল হিন্দুদের দেবী নন, তিনি বিদ্যা ও শিক্ষার প্রতীক। শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর পুজো হয়। তাই এই ঘটনাকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বর্তমানে মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলছে। ওই দিন সপ্তম শ্রেণির পড়ুয়াদের অঙ্কন শিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা ছিল। পরীক্ষায় সরস্বতীর ছবি আঁকে সপ্তম শ্রেণির ছাত্র অঙ্কিত রায়। অভিযোগ, পরীক্ষা শেষে ছবি জমা দিতে গেলে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক আফতাবউদ্দিন ওই পড়ুয়াকে জানান, এই ধরনের ছবি আঁকা যাবে না। এরপরই ছাত্রের আঁকা সরস্বতীর ছবিটি ছিঁড়ে দেন তিনি। অভিযুক্ত শিক্ষক ওই বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক। পরীক্ষা শেষে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে অঙ্কিত। পরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় সে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।
শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা কমল রায়। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও সাসপেনশনের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক, চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পরে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ডও করা হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।