SRFTI
অশান্তি ছড়াল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে

এসআরএফটিআই ক্যাম্পাসে বেআইনি কাঠামো ভাঙল কর্তৃপক্ষ, আদালতের হস্তক্ষেপে অভিযানে কলকাতা পুলিশ

Bengal Liberty : সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে বেআইনি কাঠামো ঘিরে বিতর্ক দাঁনা বেঁধেছে। অবশেষে আদালতের হস্তক্ষেপে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় শনিবার ওই কাঠামো সরিয়ে দিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে ওই কাঠামোকে কেন্দ্র করে ক্যাম্পাসের ভিতরে একাধিক বেআইনি কার্যকলাপ চলছিল। পরিবেশের ক্ষতি, বেআইনি বিদ্যুৎ সংযোগ, বহিরাগতদের প্রবেশ করানো থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে। গোটা বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে বিস্তারিত জানিয়েছে লালবাজার।

লালবাজারের তরফে জানানো হয়েছে, এসআরএফটিআই ক্যাম্পাসের ভিতরে একটি ভবনের বিপরীতে কয়েক জন পড়ুয়া বেআইনিভাবে একচি কাঠামো তৈরি করেছিলেন। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে ওই কাঠামোটি বেআইনি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। সেখানে দিনের বিভিন্ন সময়ে আগুন জ্বালানো হত। এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছিল বলেও অভিযোগ। পাশাপাশি দিনভর এবং গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজানো, খেলাধুলো এবং পার্টি চলত বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে অভিযোগ জানানো হয়েছে।

বহিরাগতদের এনে ভয় দেখানোর অভিযোগ

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আরও অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে বহিরাগতদের ক্যাম্পাসে নিয়ে আসছিলেন কয়েক জন পড়ুয়া। তাঁদের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ভয় দেখানো হচ্ছিল। সেই ঘটনার জেরে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক কার্যকলাপেও বাধা সৃষ্টি করা হচ্ছিল বলে দাবি কর্তৃপক্ষের। লালবাজার জানিয়েছে, ওই কাঠামোয় বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার লাগানোর ফলে গোটা ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপদের মুখে পড়েছিল বলে অভিযোগ। এর জেরে প্রতিষ্ঠানের ভিতরে থাকা বহু মূল্যবান যন্ত্রপাতির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

চলচ্চিত্র নির্মাণ, সম্পাদনা এবং কারিগরি প্রশিক্ষণের জন্য এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দামি যন্ত্রপাতি রয়েছে। ফলে বেআইনি বিদ্যুৎ সংযোগের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে ওই কাঠামো সরানোর পদক্ষেপ করা হয়। শনিবার কলকাতা পুলিশের সহযোগিতায় এসআরএফটিআই কর্তৃপক্ষ ওই বেআইনি কাঠামো সরিয়ে দেয়। লালবাজারের পক্ষে ওই কাঠামো, সেখানে চলা বিভিন্ন কার্যকলাপ এবং কাঠামো সরানোর অভিযানের ছবিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে পুলিশের বিবৃতিতে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারার কথাও জানানো হয়েছে। পূর্ববর্তী ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার সমতুল্য বিধান রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায়।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সেখানে পঠনপাঠনের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই বেআইনি কাঠামো নির্মাণ এবং একাধিক অননুমোদিত কার্যকলাপের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের তরফে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট পড়ুয়াদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে বিষয়টির অন্য দিকও স্পষ্ট হবে। আপাতত আদালতের হস্তক্ষেপে ওই কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছে লালবাজার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।