Bengal Liberty : পূর্ব সিকিমের ঐতিহাসিক নাথু লা গিরিপথ দিয়ে ভারত ও চিনের মধ্যে সীমান্ত বাণিজ্য চলতি বছরের মতো শেষ হচ্ছে ৩০ নভেম্বর। সিকিম সরকারের বাণিজ্য ও শিল্প দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে ভারত-চিন সীমান্ত বাণিজ্য।
২০২০ সালে কোভিড অতিমারীর কারণে বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ ছয় বছর বাদে চলতি বছরের ১ আগস্ট ফের চালু হয়েছিল এই আন্তর্জাতিক বাণিজ্যপথ। প্রশাসনিক সূত্রের খবর, ২০২৫ সালের আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে ‘বিশেষ প্রতিনিধি’ পর্যায়ের আলোচনার সূত্র ধরেই বাণিজ্য পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির প্রত্যাশা নিয়ে ২০০৬ সালের ৬ জুলাই এই প্রাচীন সিল্ক রুট দিয়ে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছিল। এই বাণিজ্যপথের উপর নির্ভরশীল সিকিমের প্রায় ৬০০টি ভারতীয় ব্যবসায়ী সংস্থা এবং বিপুল সংখ্যক পরিবহণকর্মীর জীবিকা। নাথু লা হয়ে তিব্বত থেকে ভারতে আসে কাঁচা রেশম, পশম, ইয়াকের লোম এবং মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। ঐতিহাসিক এই বাণিজ্যপথ লাসা থেকে চুম্বি উপত্যকা ও নাথু লা গিরিপথ পেরিয়ে প্রাচীন তাম্রলিপ্ত বন্দরে, অর্থাৎ অধুনা তমলুকে এসে শেষ হয়েছে।
আরও খবর
সিকিম সরকারের বাণিজ্য ও শিল্প দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বাণিজ্য মরশুমের জন্য আগামী ৩০ নভেম্বর বিকেল থেকে নাথু লা দিয়ে ভারত-চিন সীমান্ত বাণিজ্য আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। সাধারণত প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই পথে বাণিজ্য চলে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তর, সংস্থা, আধিকারিক, ব্যবসায়ী এবং অন্যান্য অংশীদারদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে নাথু লা দিয়ে সীমান্ত বাণিজ্যের পরিমাণ ছিল ৮২.৬৮ কোটি টাকা। কিন্তু ২০১৭ সালে ডোকলাম অচলাবস্থার জেরে তা এক ধাক্কায় কমে দাঁড়ায় ৮.৮৬ কোটি টাকায়। পরের বছর, অর্থাৎ ২০১৮ সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে ৪৮.২৮ কোটি টাকায় পৌঁছলেও ২০১৯ সালে তা ফের কমে হয় ৪৩.৫১ কোটি টাকা।
প্রশাসনের এক আধিকারিকের দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে চিন থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ১৩২ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১৫১.১ বিলিয়ন ডলার। এর ফলে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।


