Switzerland Blast
Bengal Liberty, ১ জানুয়ারী, ২০২৬: বর্ষবরণের আনন্দ উৎসবে বিষাদ নেমে এল সুইৎজারল্যান্ডে। নববর্ষের রাতে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্র্যানস-মন্টানার একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ ‘লে কনস্টেলেশন’ নামক ওই পানশালাটিতে পরপর কয়েকটি বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ১০০ জনের অধিক সেই সময় পানশালায় উপস্থিত ছিলেন। এই ঘটনায় অন্তত ৪০ জন মানুষের মৃত্যুর আশঙ্কা (Switzerland Blast)।

কীভাবে ঘটল এই ঘটনা? (Switzerland Blast)
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্ষবরণের রাতে পানশালাটিতে প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন। উৎসবের মাঝেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন উপস্থিত জনতা। ভ্যালাইস ক্যান্টন পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অনেকে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। উদ্ধারকাজে নামানো হয় একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পানশালাটির বেসমেন্টে প্রথম বিস্ফোরণটি ঘটে এবং সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে নাশকতা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সাধারণত রাত ২টো পর্যন্ত খোলা থাকা এই পানশালাটিতে প্রায় ৪০০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে। তবে বর্ষবরণের রাতে সেখানে ভিড় ছিল অনেক বেশি। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
