Bengal Liberty : আফ্রিকান ফুটবলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ২০২৫ সালের আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON) ফাইনালের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের নতুন করে উত্তেজনা তৈরি হল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) সেনেগালকে পুনরায় চ্যাম্পিয়ন ঘোষণা করতেই এবার সেই রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল মরক্কো ফুটবল ফেডারেশন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হয়েছিল সেনেগাল বনাম মরক্কোর AFCON ফাইনাল। ম্যাচে অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সেনেগাল। তবে ম্যাচের শেষদিকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৪ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত সেনেগালই জয় তুলে নেয়।
কিন্তু পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (CAF) সেনেগালের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়ে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে। ফলে হাতছাড়া হয় সেনেগালের শিরোপা। যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে CAS-এর দ্বারস্থ হয়েছিল সেনেগাল ফুটবল ফেডারেশন। মঙ্গলবার সেই আবেদনে সাড়া দিয়ে CAF-এর আপিল বোর্ডের সিদ্ধান্ত খারিজ করে দেয় CAS। ফলে মাঠের লড়াইয়ে পাওয়া ১-০ ব্যবধানের জয়ই বহাল থাকে এবং পুনরায় AFCON চ্যাম্পিয়ন হয় সেনেগাল।
আরও খবর
মরক্কো ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত সম্ভাব্য আইনি পথ অনুসরণ করবে তারা। ফলে AFCON-এর চ্যাম্পিয়নশিপ নিয়ে বিতর্ক যে এখানেই শেষ হচ্ছে না, তা কার্যত স্পষ্ট। এবার এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


