Bengal Liberty : বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন এবং নারীদের উপর হিংসার একের পর এক ঘটনা সামনে আসছে ইরানে। এবার সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই স্বামীর হাতে প্রাণ হারাল ১৪ বছরের এক কিশোরী। অভিযোগ, পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি চেয়েছিল সে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে খুন করে স্বামী। মৃত কিশোরীর নাম সোগান্দ মোশতারেকি। অভিযুক্ত স্বামীর বয়স ২০ বছর। সে নিজেই হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি ইরান হিউম্যান রাইটসের।
সদ্যোজাতকে রেখেই মৃত্যু
ইরানের কেরমান প্রদেশের বাসিন্দা সোগান্দ। সম্প্রতি সন্তান প্রসবের জন্য যাওয়ার পথে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েছিল সে। সেই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় কিশোরী। এরপর নিরাপদেই সন্তানের জন্ম দেয়। কিন্তু মাতৃত্বের আনন্দ বেশিদিন স্থায়ী হল না। সন্তান জন্মের কয়েক দিনের মধ্যেই স্বামীর হাতে খুন হতে হল তাঁকে। ইরান হিউম্যান রাইটসের দাবি, বিয়ের পর থেকেই সোগান্দের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগে বাধা দিতেন স্বামী। এমনকী, স্বামী বাড়ির বাইরে গেলে তাঁকে ঘরের মধ্যে আটকে রাখা হত বলেও অভিযোগ। পরিবারের কাছে যাওয়ার অনুমতি চাওয়ার পরই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত অবশ্য পারিবারিক বিবাদের কথা উল্লেখ করেছে। মানবাধিকার সংগঠনটির মতে, বৈষম্যমূলক আইন, পুরুষতান্ত্রিক সামাজিক ব্যবস্থা এবং অপরাধীদের শাস্তি না পাওয়ার প্রবণতা ইরানে এই ধরনের অপরাধের অন্যতম কারণ।
উল্লেখযোগ্যভাবে, সোগান্দের মৃত্যুর দিনই ফার্স প্রদেশে খুন হন ২১ বছর বয়সি অন্তঃসত্ত্বা তরুণী সেপিদে রাইসি। তাঁকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত স্বামীর হাতেই প্রাণ হারাতে হয় তাঁকে।


