Bengal liberty: চলতি বছরের ডিসেম্বর মাসে কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে মোদির। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে দুই দেশের রাষ্ট্রনেতাই রাজি বলে খবর।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানাডা সফর নিয়ে পোস্ট করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফর করবেন।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘দুই দেশের রাষ্ট্রনেতাই দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশের সম্পর্ককে মজবুত করতে সম্মত হয়েছেন।’
গত মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। তারপর তিনি জানান, ‘কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে এগিয়ে নিয়ে যেতে ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করতে আমরা সম্মত হয়েছি।’ এখন দেখার প্রধানমন্ত্রীর এই সফর ভারতীয় অর্থনীতির উন্নতিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে পারে কিনা।


