Bengal Liberty: জামতারার ধাঁচে সাইবার অপরাধের ফাঁদ। পার্ক স্ট্রিট থানার পুলিশের তৎপরতায় বড় সাফল্য কলকাতা পুলিশের। নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে একটি ভুয়ো কল সেন্টার থেকে মোট ১১ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বেশিরভাগই বিহারের জামুই এবং ঝাড়খণ্ডের দেওঘর জেলার বাসিন্দা।

কী ভাবে চলত এই প্রতারণা চক্র? (Cyber fraud gang)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্র গড়ে তুলেছিল। নিজেদের সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের নকল বা ‘লুক-অ্যালাইক’ পোর্টাল ব্যবহার করে সাধারণ মানুষকে লটারির লোভ দেখানো হত বলে অভিযোগ।
মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ক্ষতিকারক টেলিগ্রাম লিঙ্ক পাঠাত তারা। ওই লিঙ্কে ক্লিক করলেই প্রতারকেরা সংশ্লিষ্ট ব্যক্তির ফোনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিত বলে অভিযোগ। এরপর ব্যক্তিগত তথ্য এবং সংবেদনশীল পরিচয়পত্রের তথ্য হাতিয়ে নিয়ে বড় ধরনের আর্থিক প্রতারণা চালানো হত।
আরও খবর

উদ্ধার একাধিক মোবাইল, শুরু তদন্ত (Cyber fraud gang)
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে মোট ২০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ডিভাইসগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, তাতে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল টুল ইনস্টল করা ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সাইবার প্রতারণার চক্র চালানো এবং সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে ওই অ্যাপ্লিকেশন ও ডিজিটাল টুলগুলি ব্যবহার করা হত।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এই চক্রের মাধ্যমে কত জন প্রতারিত হয়েছেন এবং কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে—তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/17/mansapuja-holiday/


