Bengal Liberty: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতোই সম্পত্তি করে ওয়েভার স্কিম চালু করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান মুখ্য প্রশাসক স্মিতা পাণ্ডে। তিনি বলেন, আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত ওয়েভার স্কিম চালু করা হয়েছে। পরে প্রয়োজন হলে ওয়েভার স্কিমের সময়সীমা আরও দু’মাস বাড়ানো হবে।
২০২০ সালে ওয়েভার স্কিম দেওয়া হয়েছিল, তারপর এখন এই স্কিম চালু করা হল। তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় ঋণখেলাপির সংখ্যা ৩, ৮৬,২৮৮ জন। বকেয়া সম্পত্তি করের পরিমাণ ৬৮৫৪.২৯ কোটি টাকা। জরিমানার পরিমাণ ৪০১.৩৮ কোটি টাকা। সুদের পরিমাণ ৩৩১৪.১৩ কোটি টাকা। মোট মূলধনের পরিমাণ ৩,১৩৮. ৭৬ কোটি টাকা। তিনি আরও বলেন, সরকারি সম্পত্তির ক্ষেত্রে ওয়েভারে ১০০ শতাংশই ছাড় মিলবে।
৬০ শতাংশ বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে ওয়েভারে ৯৯ শতাংশ ছাড় মিলবে। বসবাসযোগ্য ও বাণিজ্যিক এমন ক্ষেত্রে ৮০ শতাংশ সম্পত্তির জন্য ওয়েভারে ৯৯ শতাংশ ছাড় মিলবে। ওয়েভার স্কিম থেকে ৭৮৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্মিতা পাণ্ডে বলেন, সেপ্টেম্বর পর্যন্ত সুদের হিসেব রাখা হয়েছে। অনলাইনে কিউআর কোড স্ক্যান করলেই ওয়েভার স্কিমের সুবিধা নেওয়া যাবে। যারা অনলাইনে পারদর্শী নয়, তাদের জন্য অফলাইনে ওয়েভার স্কিমের সুবিধা গ্রহণের ব্যবস্থা রয়েছে। সার্ভার বিকল প্রসঙ্গে তিনি বলেন, এখন ট্রায়াল পর্যায়ে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে যতক্ষণ না সবুজ সঙ্কেত দেওয়া হচ্ছে, ততক্ষণ কোনও পদক্ষেপ নেওয়া হবে না।


