Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma

সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর দাবি হেমন্তর

Bengal Liberty : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন। এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ক্ষেত্রে জোর সওয়াল করলেন। রবিবার উত্তর প্রদেশ সফরে এসে মুসলিম মহিলাদের প্রসঙ্গ তুলে হেমন্ত জানান, দেশে মুসলিম সম্প্রদায়ের মহিলারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। তাই বহু বিবাহের মতো সমস্যা সমাধানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন।

এদিন উত্তর প্রদেশের বস্তি জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ তোলেন হেমন্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অসমে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার সারা দেশে লাগু হওয়া প্রয়োজন। কারণ, এর অভাবে মুসলিম মহিলারাই সবচেয়ে বেশি ভোগেন। তাঁর মতে, সভ্য সমাজে একটা মানুষ তিন চারটে বিয়ে করবে, এটা মেনে নেওয়া যায় না। তাই বহুবিবাহের মতো প্রথা বন্ধ করতে একটা দেশে একটাই আইন হওয়া উচিত।’


গত সপ্তাহেই অসম বিধানসভায় পাশ হয়েছে বহু বিবাহ নিষিদ্ধ বিল। এর ফলে প্রথম বিয়ে আইনিভাবে বিচ্ছিন্ন না করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আগের বিয়ে গোপন করে বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি যারা সব জেনেশুনে এই ধরনের বিয়ে করবেন, তাঁদের দেড় লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দ্রুত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা জানিয়েছেন। এই প্রেক্ষাপটে হেমন্তর এই দাবি কতটা সারা দেশ জুড়ে কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।