Bengal Liberty: ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ডি-লিমিটেশন বা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। ১৬ অক্টোবর, ২০২৬ তারিখে মোদিকে লেখা চিঠিতে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, “৬৪ দিন পরও সংসদের উভয় কক্ষেই বাদল অধিবেশন মুলতুবি। ১৩ আগস্ট মুলতুবি হলেও এখনও পর্যন্ত অধিবেশন শেষ করা হয়নি। সর্বদল বৈঠক না ডেকে, আলোচনা না করেই লোকসভায় পুনর্বিন্যাস বিল এনেছিলেন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, স্বাভাবিকভাবেই সেই বিল পাস হয়নি। এই পরিস্থিতিতে তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন যে, “সর্বদল বৈঠক ডেকে আলোচনা করুন, যাতে সবাই আলোচনার সুযোগ পায়।” এই ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে এটি তাঁর চতুর্থ চিঠি।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ এপ্রিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি খারিজ হয়েছিল। তাই খাড়গে একপ্রকার সতর্ক করে বলেছেন, এত বড় একটি সাংবিধানিক সংস্কারের বিল যেন এবার জোর করে পাস করানোর চেষ্টা না করা হয়।
তিনি এও বলেন, ১৩ আগস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। অথচ দীর্ঘ ৬৪ দিন ধরে রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়নি। এটিকে,”নজিরবিহীন” পরিস্থিতি বলে মন্তব্য করেছেন খাড়গে। শুধু তাই নয়, এর পেছনে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর মতে, স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের সব রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের নিজেদের মধ্যে আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। এমনটাই মনে করেন তিনি।


