Bengal Liberty : সংবিধান দিবসে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধির আমলে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। তোপ দাগলেন দিমাগি নকশালদের বিরুদ্ধেও।প্রধানমন্ত্রীর বক্তব্য, জরুরি অবস্থায় বিচারবিভাগের পর্যালোচনার ক্ষমতা সীমিত করা হয়েছিল। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্যও নষ্ট হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ‘সংবিধান দিবস’-এর বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদের কারণে, সাত দশকেরও বেশি সময় ধরে জম্মু-কাশ্মীরে দেশের সম্পূর্ণ সংবিধান কার্যকর করা সম্ভব হয়নি। এর ফলে তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি এবং মহিলারা অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করায় সেই ঐতিহাসিক অন্যায়ের অবসান হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবিধান দিবস উপলক্ষে একাধিক সংবাদপত্রে প্রধানমন্ত্রীর লেখা নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না-হওয়ার জন্য নাম না-করে প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, কোনও শক্তি মহিলা সংরক্ষণ আটকাতে পারবে না। বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা না-করে মুলতুবি রেখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহলে জল্পনা, চলতি মাসের শেষে কিংবা ডিসেম্বরের গোড়ায় অধিবেশন ডেকে এই বিল পুনরায় পাস করানোর চেষ্টা করবে কেন্দ্র। কেন্দ্রের একটি সূত্রের দাবি, বিল পাসের জন্য প্রয়োজনীয় ভোট ইতিমধ্যেই জোগাড় করা হয়ে গিয়েছে। এই আবহে মোদীর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এপ্রিলে লোকসভায় এই বিল পাস করানোর চেষ্টা করেছিল মোদীর সরকার। কিন্তু পর্যাপ্ত সংখ্যা না-থাকায় সেই বিল পাস করানো যায়নি। সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে প্র্রধানমন্ত্রী লিখেছেন, ‘মহিলাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি না-দিলে আমাদের সংবিধানের যাত্রাপথ অসম্পূর্ণ থেকে যাবে।
বছরের শুরুর দিকে (মহিলা সংরক্ষণ বিল পাস না-হওয়া), তাতে আমাদের হৃদয় লজ্জায় ভরে গিয়েছে’। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিল আনা হলেও ‘একটি বিরোধী দলের জন্য’ তা পাস করানো যায়নি। কোনও দলের নাম না-করলেও মনে করা হচ্ছে, তিনি কংগ্রেসকেই নিশানা করেছেন। সামগ্রিক ভাবে বিরোধীদের আক্রমণ করলেও প্রকারান্তরে কংগ্রেসকে নিশানা করার মধ্যে মোদী সরকারের কৌশল রয়েছে বলে মনে করছেন অনেকে। দ্বিতীয় বার বিল পেশের সময় বিরোধীদের কারও কারও সমর্থন মিলতে পারে বলে আশাবাদী নরেন্দ্র মোদি সরকার।
আরও খবর
মহিলাদের উদ্দেশে মোদীর বার্তা, ‘আমি ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করে বলছি যে, কোনও শক্তি আপনাদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার কাজ থেকে আমাদের বিরত করতে পারবে না’। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেছেন, ‘দুঃখের বিষয় হল, প্রধান বিরোধী দল বিরোধিতার থেকে অবরোধ বেশি করে থাকে’। একই নিবন্ধে মোদী উল্লেখ করেছেন যে, নকশালবাদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। নকশালপন্থীরা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় গরিব মানুষদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নকশালরা না-থাকলেও ‘দিমাগি নকশালরা রয়ে গিয়েছেন। তাঁরা দেশের উন্নয়নের অগ্রগতি রোখার চেষ্টা করে যাচ্ছেন’।


