Milan Pradhan
বাড়ল না মিলন প্রধানের জামিনের মেয়াদ

আত্মসমর্পণ না করায় মিলন প্রধানের উপর ক্ষুব্ধ হাই কোর্ট, বাড়ল না জামিনের মেয়াদ

নন্দীগ্রামের উপনির্বাচনের আগে ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন মিলন প্রধান। ২০০৭ সালে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনের সময় খুন, খুনের চেষ্টা, জমায়েত এবং লুটপাটের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। নন্দীগ্রাম থানায় তিনটি মামলা ছাড়াও খেজুরি থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সব মিলিয়ে ছ’টি মামলায় অভিযুক্ত তিনি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ মিলনকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছিল। একই সঙ্গে তাঁকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছিল। হাই কোর্টের অন্তর্বর্তী জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে শীর্ষ আদালত মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখে। পরবর্তীতে ২০ অক্টোবর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনও মঞ্জুর করে হাই কোর্ট। শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার মুখে আত্মসমর্পণ না করে ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান মিলন। তাতেই অসন্তোষ প্রকাশ করে আদালত। বুধবার বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন, আগামী শুক্রবার, ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তার পর নিয়মিত বেঞ্চে জামিনের আবেদন জানাতে পারবেন তিনি। অর্থাৎ, অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়ানোর আবেদন মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।