India Vs Newzealand 2nd T20
India Vs Newzealand 2nd T20

ইশানের চোটে খুলছে বৈভবের দরজা, কিউয়িদের বিরুদ্ধে সিরিজে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ভারত

Bengal Liberty : প্রথম টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস জয়। এবার দ্বিতীয় ম্যাচে সিরিজে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে নামতে চলেছে ভারত। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোই প্রধান লক্ষ্য নিউজিল্যান্ডের। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আগামী ২৪ অক্টোবর, শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা ইশান কিশানের চোট।

ইশানের পরিবর্তে কি খেলবেন বৈভব

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে ইশান কিশানের চোট। প্রথম ম্যাচে ডান দিকের অ্যাডাক্টর পেশিতে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। ফলে তাঁর পরিবর্ত হিসেবে তরুণ বৈভব সূর্যবংশীর খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটকও জানিয়েছেন, ইশান খেলতে না পারলে বৈভবের সামনে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ব্যাটিং প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন এই তরুণ তুর্কি। তবে বৈভব দলে এলে ব্যাটিং অর্ডারে কী পরিবর্তন হয়, সেদিকেও নজর থাকবে। অভিষেক শর্মার সঙ্গে বৈভব ওপেন করলে সঞ্জু স্যামসনকে তিন নম্বরে খেলানো হতে পারে।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছে দুই দলই। প্রথমে ব্যাট করে ২২৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেটে জয় তুলে নেয় ভারত। সঞ্জু স্যামসনের ৩৩ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

তবে এত রান ওঠার ম্যাচেও ভারতীয় বোলিং বিভাগের কিছু দুর্বলতা সামনে এসেছে। কিউয়িদের বড় রান তোলার সুযোগ দেওয়া নিঃসন্দেহে চিন্তার বিষয়। দ্বিতীয় ম্যাচে সেই জায়গায় উন্নতি করতে চাইবে টিম ইন্ডিয়া। বিশেষ করে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলারদের পারফরম্যান্স হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একদিকে সিরিজে ব্যবধান বাড়ানোর লক্ষে ভারতীয় দল। অন্যদিকে ঘরের মাঠে হার মানতে নারাজ কিউইরা। সব মিলিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।