রাজ্যের দুই জেলায় বেআইনি অস্ত্র ও বিস্ফোরকের বিপুল ভাণ্ডারের হদিস! গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর এবং বীরভূমে পরপর অভিযান চালাল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে ২১টি আগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ড কার্তুজ এবং প্রায় আড়াই হাজার ডিটোনেটর ও জিলেটিন স্টিক। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে STF। ধৃতদের নাম রেজা শেখ এবং মুকেশ সিং।
STF সূত্রে খবর, প্রথম অভিযানটি চালানো হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকায়। সেখান থেকে উদ্ধার হয়েছে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ৬৫ রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম এবং ৭ এমএম পিস্তল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও খবর
অন্যদিকে, বীরভূমের রাজগ্রাম থানা এলাকায় পৃথক অভিযান চালান STF-এর গোয়েন্দারা। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। প্রায় আড়াই হাজার ডিটোনেটর ও জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু কোথা থেকে এল এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক? কোথায় বা কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর পিছনে কোনও আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। অক্টোবরে কলকাতার নাদিয়াল এবং হাওড়ার নিশ্চিন্দায় অস্ত্র তৈরির কারখানা ও বেআইনি অস্ত্রের হদিস মেলে। সন্দেশখালি ও বসিরহাটেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পাশাপাশি, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে সক্রিয় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধেও অভিযান চালিয়েছিল STF।
পরপর এই ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজ্যে বেআইনি অস্ত্র কারবারের নেটওয়ার্ক নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন STF-এর শীর্ষ আধিকারিকেরা।


