Bengal Liberty
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা শেখ আনিসুর রহমান ও তাঁর পুত্র শেখ আবু সুফিয়ানের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। এক বিবৃতিতে মান্নান অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী নেতার ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তাঁর দাবি, আনিসুর রহমান ও তাঁর পরিবার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। স্বচ্ছ ভাবমূর্তির আনিসুর রহমানের প্রতিবাদের কারণেই তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

গভীর শোক মান্নানের
আব্দুল মান্নানের আরও অভিযোগ, সম্ভাব্য বিপদের বিষয়ে পুলিশকে আগেই জানানো হলেও প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, সরকার পরিবর্তন হলেও রাজ্যে ‘জঙ্গল রাজ’-এর অবসান হয়নি। তিনি জানিয়েছেন, অতীতের দাগী অপরাধীদের কেউ কেউ কংগ্রেসে যোগ দেওয়ার চেষ্টা করলেও আনিসুর রহমানের আপত্তিতে তা সফল হয়নি। পাশাপাশি, বিজেপির স্থানীয় কয়েকজন নেতার সঙ্গেও ওই অভিযুক্ত অপরাধীদের যোগাযোগের চেষ্টা রয়েছে বলে দাবি করেন তিনি।
আনিসুর রহমান ও তাঁর পুত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে মান্নান বলেন, “আজ দাগী অপরাধীদের ষড়যন্ত্রের ফলে আমাদের অত্যন্ত প্রিয় দুই পারিবারিক বন্ধুকে হারালাম। শুধু তাঁদের পরিবারের সদস্যরা নন, আমরা সকলেই মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহ তাঁদের জান্নাতবাসী করুন।” বিবৃতির শেষে আব্দুল মান্নানের কটাক্ষ, “শাসক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু জঙ্গল রাজ শেষ হয়নি।”


