Bengal Liberty:
বেঙ্গল লিবার্টি আগেই বলেছিল, তৃণমূল ছেড়ে আসা সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেব বিজেপির হয়ে রাজ্যসভায় যেতে পারেন (BJP Joining)। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই জল্পনায় সিলমোহর পড়ল। তাঁদের সঙ্গে বিজেপিতে যোগ দেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইকও।

বিজেপিতে যোগ দিলেন সুখেন্দুশেখর-সুস্মিতা
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলীয় নেতৃত্বের সমালোচনা করে রাজ্যসভার সদস্যপদ ছেড়েছিলেন সুখেন্দুশেখর রায়। এবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিলেন তিনি। যোগদানের পর সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব বিজেপিতে যোগদান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রায় শামিল হতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আগেই বলেছি, দুর্নীতি বা চাকরি বিক্রির অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। এঁদের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। এখন এঁদের একটাই পরিচয়— এঁরা বিজেপির নেতা।”

রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভবনা
আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে এই তিনজনই বিজেপির প্রার্থী হতে চলেছেন বলে খবর। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। উল্লেখ্য, গত মাসে পরপর তিনজন তৃণমূল রাজ্যসভা সাংসদের পদত্যাগের জেরে শূন্য হওয়া আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান বিধায়ক সংখ্যার সমীকরণ এবং তৃণমূলে ভাঙনের প্রেক্ষাপটে বিজেপি তিনটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি রাজনৈতিক জল্পনার পর্যায়েই থাকছে।
আরও খবর

সূত্রের খবর, আগামী সোমবার সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারেন।


