Bengal Liberty
কয়লা পাচার মামলায় রাজ্য পুলিশের ওসি পদমর্যাদার আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি (Monoranjan Mondal)। শুক্রবার দুপুরের পর বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে প্রায় ৬০ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়। সেখানে মনোরঞ্জন মণ্ডলকে মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইডি সূত্রের দাবি, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের তদন্তে মনোরঞ্জনের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পাওয়া গিয়েছে। গত ১৮ জুন ইডি দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

কোটি কোটি টাকার লেনদেনের হদিস
চার্জশিটে তদন্তকারী আধিকারিকের অভিযোগ, থানার ওসি হিসেবে দায়িত্বে থাকার সময় মনোরঞ্জন মণ্ডল কয়লা পাচারকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ হিসেবে নিয়েছিলেন। শুধু তাই নয়, কয়লা পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে ‘গুন্ডা ট্যাক্স’ আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ইডির সূত্রে দাবি, জেল হেফাজতে থাকা কয়লা পাচার মামলার অভিযুক্ত চিন্ময় মণ্ডলের সঙ্গে মনোরঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। ওই সমস্ত আর্থিক লেনদেনের হিসেবও চার্জশিটে তুলে ধরা হয়েছে বলে ইডির দাবি। তদন্তকারী সংস্থার অভিযোগ, কয়লা পাচারের অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে মনোরঞ্জনের যোগসূত্র ছিল এবং তাঁর ভূমিকা সম্পর্কে একাধিক তথ্য তদন্তে সামনে এসেছে। চার্জশিটে সেই যোগসূত্র, কথিত প্রোটেকশন মানি এবং কোটি কোটি টাকার লেনদেনের বিস্তারিত হিসেব তুলে ধরা হয়েছে।
আরও খবর
তবে কয়লা পাচার মামলার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। আরও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে গোয়েন্দা বিভাগ জানিয়েছে।


