Bengal Liberty
প্রথমে নির্মল ঘোষ, তারপর সঞ্জীব মুখার্জী (RG Kar News)। আরজি কর-কাণ্ডে নতুন করে তদন্ত শুরু হওয়ার পর পরপর দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতেই পুলিশের জালে ধরা পড়েন নিহত চিকিৎসকের ‘কাকু’ হিসেবে পরিচিত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। এই জোড়া গ্রেফতারির পরই ফের আলোচনার কেন্দ্রবিন্দু আরজি কর-কাণ্ড।

রত্না দেবনাথের বক্তব্য
বৃহস্পতিবার প্রাক্তন কাউন্সিলরের গ্রেফতারির পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য টেনে সমাজ মাধ্যমে পোস্ট করলেন নির্যাতিতার মা। তিনি জানিয়েছেন, ” প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ স্পষ্ট, তার আরও একটি প্রমাণ পাওয়া গেল আজকের গ্রেপ্তারের ঘটনায়। তাঁর দাবি, ৯ অগস্ট(স্মরণসভা) ট্রাস্টের মঞ্চে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাংবিধানিক নিয়ম মেনে প্রশাসন সেই অনুযায়ী কাজ শুরু করেছে। তাঁর কথায়, দুইজন অপরাধী অ্যারেস্ট হয়েছে, আরও হবে, বিচার হবেই। একজনও ছাড়া পাবে না।
বাংলার মা-মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে একইসঙ্গে নিজের ব্যক্তিগত যন্ত্রণার কথাও তুলে ধরে রত্না দেবনাথ লেখেন, “আমার দুর্ভাগ্য, আর পাঁচ বছর আগে এমন মুখ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মৌকে কেউ আমার থেকে কাড়তে পারত না।”

এদিকে খড়দহ থানা সূত্রে জানা গিয়েছে, আজ নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। বিশেষ করে আর জি কর কাণ্ডের পর দেহ দ্রুত দাহ করার বিষয়টি নিয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। দেহ দ্রুত দাহ করার ক্ষেত্রে কোনও চাপ সৃষ্টি করা হয়েছিল কি না, এর পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নির্যাতিতার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি পলাতক সোমনাথ দে-র সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর তদন্তে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।
বৃহস্পতিবারে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর
উল্লেখ্য, মৃত চিকিৎসকের বাবা নতুন করে লিখিত অভিযোগ দায়ের করার দু’দিনের মধ্যেই এই দুই গ্রেফতারি। অভিযোগ, চিকিৎসকের দেহ দ্রুত সৎকারের ব্যবস্থা করা এবং তথ্যপ্রমাণ নষ্ট করার মতো গুরুতর ঘটনায় তাঁদের ভূমিকা ছিল। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার পর মৃতদেহ দ্রুত সৎকার এবং তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এরপর রাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, লুধিয়ানা থেকে ফেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। নিহত চিকিৎসকের বাড়ির কাছেই তাঁর বাড়ি।

পরপর দুই গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান নিহত চিকিৎসকের মা। দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ৯ অগস্টের স্মরণসভায় মুখ্যমন্ত্রী যে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন, প্রশাসন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে। আগামী দিনে আরও গ্রেফতারি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা প্রমাণিত হয় এবং এরপর কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়, সেদিকেই নজর রয়েছে।


