Madhya Pradesh mid-day meals served on paper
Bengal liberty: মর্মান্তিক! মধ্যপ্রদেশের একটি স্কুলের পড়ুয়াদের কপালে জুটল না কাগজের থালা কিংবা পাতা। ছেঁড়া কাগজে পরিবেশন হল মিড-ডে-মিল। এই দৃশ্যেয়ের ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যম জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী। হাড়হিম করা এই ঘটনা শেওপুর জেলার হুলপুর গ্রামের একটি স্কুলের। জানা গিয়েছে, ভিডিওটি নজরে আসতেই পদক্ষেপ নিয়েছে সে রাজ্যের শিক্ষা দপ্তর।
শিক্ষাদপ্তরের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করে এসে জানান, স্কুলের মধ্যাহ্নভোজন সরবরাহের দায়িত্ব ছিল ‘জয় সন্তোষী মা স্বনির্ভর গোষ্ঠী’র ওপর। ওই গোষ্ঠীর পাঁচজন রাঁধুনির মধ্যে দু’জন বাসন মাজার দায়িত্বে থাকলেও, ঘটনার দিন দু’জনেই অনুপস্থিত ছিলেন। ফলে বাসন পরিষ্কার না থাকায় বাধ্য হয়ে স্কুলের কর্মীরা কাগজে খাবার পরিবেশন করেন। ভিডিওটি ৪ ঠা নভেম্বর ভাইরাল হয়।
এরপরেই ৬ নভেম্বর মিড-ডে-মিল মনিটরিং কমিটি ওই স্বনির্ভর গোষ্ঠীর চুক্তি বাতিলের সুপারিশ করে।যা পরদিন কার্যকর হয়। এখন থেকে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়িত্ব স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে দেওয়া হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবর। এবং, ক্লাস্টার অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ও ব্লক রিসোর্স সেন্টার কো-অর্ডিনেটরকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে।শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে মনিটরিং ব্যবস্থায় আরও কড়া নজর রাখা হবে।

কড়া সমালোচনা রাহুলের (Madhya Pradesh mid-day meals served on paper)
সংশ্লিষ্ট ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করে রাহুল গান্ধী লেখেন, “আমি আজ মধ্যপ্রদেশ যাচ্ছি। খবরটা শোন মন ভেঙে গেছে। যে বাচ্চাদের স্বপ্নে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাঁদের কপালে একটি প্লেটও জুটছে না।” তিনি আরও লেখেন, “২০ বছরের বিজেপি সরকার শিশুদের প্লেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে — তাঁদের উন্নয়নের প্রচার মিথ্যা।”

