Weather update
Bengal Liberty: পৌষ, মাঘ নয়, অগ্রহায়ণেই বাংলায় ঘাঁটি গেড়েছে শীত (Winter)। গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। আগামী সাত দিন উত্তরবঙ্গ (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। সর্বত্রই মোটের উপর পারদ অপরিবর্তিত থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করা যাচ্ছে না। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দু’টি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যার জেরে কমে যাবে দৃশ্যমানতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণের আবহাওয়া (today’s weather)
ভালই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ প্রায় সব জেলারই তাপমাত্রা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে আবার তাপমাত্রা নেমে গিয়েছে ১০ থেকে ১২ ডিগ্রির আশপাশে। পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলেই জানা গিয়েছে। সবথেকে বেশি শীত পড়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে। এই সব জেলায় কনকনে ঠান্ডা বাতাস বইছে। রবিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে শ্রীনিকেতনে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া (today’s weather)
নেমেছে কলকাতার তাপমাত্রার পারদও। কোনও কোনও দিন ১৫ ডিগ্রির নীচেও নেমে গিয়েছে তাপমাত্রা। যার ফলে শীত উপভোগ করছে কলকাতাবাসী। তবে সুখবর, এই তাপমাত্রা আরও কমতে পারে। তার দরুন হাড় কাঁপানো শীতের অনুভূতি মিলবে মহানগরীর বুকে।
উত্তরের আবহাওয়া
ঠান্ডায় কাবু উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে ঠান্ডা পড়েছে আলিপুরদুয়ারে ৷ সেখানে তাপমাত্রা ছুঁয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৫ ডিগ্রিতে। তবে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এখনও। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রির ঘরে। আর তা সামান্য কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। ফলে পর্যটকরা মনোরম পরিবেশই পাবেন।
