raj chakraborty post
raj chakraborty post

ছবিতে মেসির পাশে শুভশ্রী, যুবভারতীকাণ্ডে কটাক্ষে বিদ্ধ স্ত্রী, জবাব দিলেন বিধায়ক স্বামী রাজ (Raj chakraborty’s post)

Bengal liberty: হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও ফুটবলের ভগবান দর্শন হয়নি দর্শকদের। কিন্তু গ্যালারির মধ্যে তাঁরা দেখা পেয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। মেসির দর্শন না পেয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা দাবি করেছেন, যাঁরা ফুটবলের ‘ফ’ বোঝে না তাঁরা মেসির সঙ্গে সঙ্গে রয়েছেন।’ ময়দানে এসেও ফুটবলের ভগবানকে কাছ থেকে দর্শন করতে না পারার বাড়তে থাকে ক্ষোভ! চেয়ার থেকে বোতল ভাঙা, ব্যানার ছেঁড়া, পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় গতকাল, শনিবার যুবভারতী স্টেডিয়াম জুড়ে। যখন একদিকে চরম বিশৃঙ্খলা স্টেডিয়ামের ভিতরে, ঠিক সেই সময়েই নিজের সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে যেন আগুনে ঘি ঢালার কাজ করেন শুভশ্রী। শনিবার থেকেই একনাগাড়ে শুভশ্রীকে ট্রোলড করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই নিয়ে মুখ খুললেন শুভশ্রীর বিধায়ক তথা পরিচালক স্বামী রাজ চক্রবর্তী (Raj chakraborty’s post)।

 

কটাক্ষে বিদ্ধ শুভশ্রী, জবাব দিলেন রাজ (Raj chakraborty’s post)

শনিবার দিনভর কটাক্ষে বিদ্ধ হয়েছেন অভিনেত্রী। রবিবারও ধেয়ে আসা প্রতিটি কটাক্ষের জবাব দিয়েছেন রাজ (Raj chakraborty’s post)। নিজের ফেসবুক পেজে রাজ শুভশ্রীর পক্ষে গিয়ে দীর্ঘ লেখা পোস্ট করেছেন। রাজ প্রথমেই মেসিকে কেন্দ্র করে যে ভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সল্টলেক স্টেডিয়াম তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, প্রশ্ন তুলেছেন আয়োজকদের উদ্দেশে। কড়া ভাষায় পুরো ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন, “প্রথমেই বলি, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজগতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসি-র জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল।

যুবভারতীর ঘটনায় খেসারত দিতে হচ্ছে শুভশ্রীকে। কী অপরাধ তাঁর? প্রশ্ন তুললেন রাজ। পরিচালকের কথায়, “গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এবং এই অরাজকতা মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷”

এর পরেই রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে রাজের মন্তব্য, “কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুঁড়ছেন- ‘একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?’, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারো ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট ন্যারাটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা।”

সবশেষে রাজ উল্লেখ করেন, যুবভারতীতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে শুভশ্রীর কোনও যোগাযোগ নেই। আর সকলের মতোই তিনি ফুটবলের মহাতারকাকে দেখতে গিয়েছিলেন। শুভশ্রীকে নিয়ে রাজের বক্তব্য, “শুভশ্রী নিজেও গতকালের গোটা ঘটনায় ভীষণ ভাবে আহত। এই অরাজকতা বাংলার অপমান। বাঙালির অপমান। আমাদের উচিত এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আলোচনা, সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়।”

শুভশ্রীর উদ্দেশ্যে রাজের বার্তা, ‘তুমি এমন একজন নারী, যাঁর বলিষ্ঠ কণ্ঠ আছে। আমি জানি তুমি কতটা স্ট্রং। আমি তোমাকে ভালোবাসি। জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, কথা দিচ্ছি আমি সবসময় তোমার পাশে থাকব।’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury