BJP rally Bhabanipur
Bengal Liberty, kolkata:
নির্বাচনী উত্তাপের মাঝেই বসন্তের আকাশে অকাল হোলির গেরুয়া রঙ(BJP Ram Navami rally)। আজ, বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল এক উৎসবমুখর ছবি। রাজনৈতিক প্রচার আর ধর্মীয় আবেগের মিশেলে এদিন গেরুয়া শিবিরের দাপট ছিল চোখে পড়ার মতো।
ভবানীপুরে জনজোয়ার
নেতৃত্বে শুভেন্দু, এদিন সবার নজর ছিল খাস কলকাতার ভবানীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্রে রামনবমীর মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে গেরুয়া পতাকা, পরনে গেরুয়া ধুতি-পাঞ্জাবি; ঢাক-ঢোলের তালে সাধারণ মানুষের সঙ্গে কাঁধ মিলিয়ে হাঁটলেন তিনি। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। মিছিলের ভিড় আর জয়ধ্বনি বুঝিয়ে দিয়েছে, ২০২৬-এর লড়াইয়ে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি ।

রানিগঞ্জ ও আসানসোলে
রানিগঞ্জ ও আসানসোলে ভক্তি ও শক্তির মেলবন্ধন শিল্পাঞ্চলেও রামনবমীর আমেজ ছিল তুঙ্গে। রানিগঞ্জে ড্রাম বাজিয়ে, সাড়ম্বরে পালিত হলো রামচন্দ্রের জন্মদিন। মিছিলে শামিল হওয়া তরুণ প্রজন্মের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এদিন সকালেই মন্দিরে গিয়ে পুজো দেন । তিনি বলেন, “রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই লড়াই কেবল নির্বাচনের নয়, এটি অশুভ শক্তির বিনাশের লড়াই” ।
হাওড়ায় রামসেনার বিশাল শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও হাওড়ায় রামনবমীর বিশেষ আকর্ষণ ছিল ‘রামসেনা’র বিশাল মিছিল। হাওড়ার ফ্রুট মোড় থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। গদাধারী হনুমান থেকে শুরু করে রাম-লক্ষ্মণ-সীতার সাজে সজ্জ্বিত ট্যাবলো মিছিলে বিশেষ মাত্রা যোগ করে। মিছিলটি শহরের প্রধান রাস্তাগুলি প্রদক্ষিণ করে রামরাজাতলা রামমন্দিরে গিয়ে শেষ হবে। নিরাপত্তার স্বার্থে এদিন হাওড়াজুড়ে ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এই রামনবমীর ব্যাপক উদযাপন আসলে বিজেপির শক্তি প্রদর্শনের অন্যতম মাধ্যম। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার ।
