Mamata Banerjee Nomination
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বুধবার মনোনয়ন জমা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তিনি এদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র পেশ করেন। মুখ্যমন্ত্রীর মনোনয়ন ঘিরে সকাল থেকেই ভবানীপুর ও আলিপুর চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত দেখা যায়।

শক্তি প্রদর্শনের মিছিল Mamata Banerjee Nomination
বুধবার সকালে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা দলীয় পতাকা ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে আলিপুরের নির্বাচন দপ্তরের সামনে পৌঁছায়। মিছিলের সময় তৃণমূলের বহু নেতা-মন্ত্রী ও বিধায়ক উপস্থিত ছিলেন। গোটা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আলিপুরে মনোনয়ন পেশ
মিছিল শেষে আলিপুরে রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মুখ্য়মন্ত্রী। নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রয়োজনীয় নথি ও হলফনামাও জমা দেওয়া হয়। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে প্রস্তাবক হিসেবে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী রুবী হাকিম।
বক্তব্যে উন্নয়নের বার্তা
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের আশীর্বাদ নিয়েই তিনি আবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। গত কয়েক বছরে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের লড়াই লড়ার আহ্বান জানান।
রাজনৈতিক গুরুত্ব
ভবানীপুর আসনটি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্র থেকেই আগে একাধিকবার জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারও এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই বিশেষভাবে নজর কাড়ছে। এবারে এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির তরফে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে সরাসরি তৃণমূল-বিজেপি মুখোমুখি লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে রাজ্যে নির্বাচনী লড়াইয়ের উত্তাপ আরও বেড়ে গেল। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল জোরকদমে প্রচার শুরু করেছে। আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বড় বড় নির্বাচনী সভা ও কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে।
