Tollywood Shooting Accident
Bengal Liberty, Kolkata :
তালসারির সমুদ্রতটে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড় Talsari Shooting Incident। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে এবার সরাসরি পদক্ষেপ নিল ওড়িশা পুলিশ। প্রযোজনা সংস্থার শীর্ষ কর্তাদের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
ওড়িশার তালসারিতে “ভোলে বাবা পার কারেগা” ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুরু থেকেই প্রশ্নের মুখে। সমুদ্রের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা মানা হয়েছিল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বরাবরই।

প্রযোজনা সংস্থার কর্তাদের নোটিস
পুলিশ সূত্রে জানা গেছে, ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর সঙ্গে যুক্ত পাঁচজনকে নোটিস পাঠানো হয়েছে।এই তালিকায় রয়েছেন—প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়,সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়,সহ-পরিচালক শুভাশিস মণ্ডল কার্যকরী প্রযোজক শান্তনু নন্দী, ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী, তাঁদের তদন্তে সহযোগিতা করার জন্য তালসারি মেরিন থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

স্ত্রীর অভিযোগেই মামলার সূত্রপাত Talsari Shooting Incident
অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই মামলার সূচনা। তিনি অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তার অভাব ছিল এবং সেই গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটে। এই অভিযোগকে গুরুত্ব দিয়েই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে ওড়িশা পুলিশ।
যদিও পুলিশ দাবি করছে যে নোটিস পাঠানো হয়েছে, অন্যদিকে প্রযোজকের ঘনিষ্ঠ মহল জানিয়েছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সমন তাঁদের হাতে পৌঁছায়নি। এই দ্বৈত তথ্যই তদন্তের অগ্রগতি নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করছে।
টলিউডে বাড়ছে চাপ
রাহুলের মৃত্যুর পর থেকেই টলিউডে ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শিল্পীরা প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি কর্মবিরতির মতো বড় পদক্ষেপও নেওয়া হয়েছিল। কিন্তু আজ থেকে সেই কর্মবিরতিও তুলে নিয়েছে ইন্ডাস্ট্রি। এই পরিস্থিতিতে পুলিশের এই নোটিস ইন্ডাস্ট্রির ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।এই মামলায় যাঁদের নাম জড়িয়েছে, তাঁরা ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ। ফলে তদন্ত এগোলে আইনি জটিলতা আরও বাড়তে পারে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এখন শুধু একটি দুর্ঘটনার তদন্ত নয় এটি দায়বদ্ধতা ও নিরাপত্তার প্রশ্নে এক বড় পরীক্ষা। ওড়িশা পুলিশের এই পদক্ষেপে তদন্ত কোন দিকে এগোয়, এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন নজরে টলিউড থেকে সাধারণ মানুষের।

